অবশেষে সিআইডির জালে ধরা পড়ল বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের প্রধান চক্রান্তকারী নাসির আলি মন্ডল।সিআইডি সূত্র মারফত জানা গিয়েছে যে বাংলাদেশে বসেই বিজেপি নেতাকে খুনের ষড়যন্ত্র করেছিল নাসির কিন্তু পরবর্তীকালে মায়ের অসুস্থতা এবং আর্থিক অভাবের জন্য এদেশে আসতেই তাকে সিআইডি গ্রেফতার করে।
এইদিন উত্তর ২৪ পরগণার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন তার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।একাধিকবার সিম কার্ড এবং স্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হল না নাসিরের। যদিও সে পুরোনো পাপী কারণ সিআইডির খাতায় তার বিরুদ্ধে ডাকাতি মামলা সহ একাধিক পুরনো অভিযোগ জমা পড়ে রয়েছে।বাংলাদেশ বসে সে কীভাবে খুনের ছক কষেছে এবং গান শুটারদের কীভাবে ব্যবহার করা হয়েছে তা বিশদে জানতে তাকে ভবানী ভবনে জেরা করা হবে সিআইডি তরফ থেকে এরকমটাই জানা গিয়েছে সূত্র মারফত।
আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক।এর আগেই পেশাদার শার্প শ্যুটার সুজিত কুমার রাই ও রোশন কুমারকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল আগেই । এবার নাসিরকে জেরা করলেই এই হত্যাকাণ্ডের সমাধান হবে বলে মনে করছে সিআইডি।






