ফের দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার। তোলাবাজি, কাটমানি, আমফানের আর্থিক দুর্নীতি একাধিক বিষয়ে বারবার নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের শাসকদলের। নিশানায় পড়তে হয়েছে বিরোধীদের।
দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের এই আর্থিক দুর্নীতিতে নাম জড়ানোকে উত্তপ্ত ভোটের বাংলায় বারবার নিশানা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
বাংলায় বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এর মধ্যে দুই দলই নেমে পড়েছে বাংলার মসনদ জেতার লক্ষ্যে জোরদার লড়াইয়ে। চলছে দলবদল, রং বদল, হাইভোল্টেজ সভা, তীব্র বাক্-আক্রমণ। পার হচ্ছে শালীনতার সীমা।
আর এবার ফের একবার তৃণমূল সরকারকে বিঁধে ভোটের উত্তেজনা বাড়ালেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ I বৌবাজারে ‘চায় পে চর্চা’-তে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন রাজ্যের বর্তমান তৃণমূল সরকারকে।
সুপ্রিম কোর্ট অনুমতি দিলেও রাজ্য সরকার পুরভোট পিছিয়ে দিয়েছে। সেই বিষয় নিয়েও সরকারকে কটাক্ষ করতে পিছপা হননি তিনি। তিনি বলেন, “ফুটপাথে টালি লাগিয়ে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাচ্ছে, কলেজস্ট্রিটে বৃষ্টি হলেই এক কোমর জল জমে।’
একইসঙ্গে তিনি রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিকেও কটাক্ষ করেন। কড়া হুঁশিয়ারির সুরে বলেন ‘মানুষ এবার যোগ্য জবাব দেবে’।





