এবার টেলিভিশন, টেলি এডুকেশন, টেলি মেডিসিন ও ইন্টারনেট ব্যবস্থা হবে আরও উন্নত। পিএসএলভি সি-৫০ রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। ইতিমধ্যেই তা নিজের অরবিটে পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে তা সম্পূর্ণভাবে কার্যকর হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলেই জানা গিয়েছে।
আজ, বৃহস্পতিবার, শ্রীহরকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপিত হয়। জানা গিয়েছে, ১ হাজার ৪১০ কেজি কমিউনিকেশন স্যাটেলাইট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-সহ লক্ষদ্বীপের পরিষেবাতে বিশেষ উপযোগী হবে। এর আগেও এই রকেট উৎক্ষেপণ করার প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু আবহাওয়া খারাপের জন্য তা পিছিয়ে যায়। এই স্যাটেলাইটের ফলে একদিকে যেমন টেলিভিশন চ্যানেলের দৃশ্যমানতা বাড়বে, তেমনি অন্যদিকে টেলি যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও এই স্যাটেলাইটের দ্বারা বেশ সাহায্য মিলবে। পিএসএলভি-সি৫০ কে জিওসিনক্রোনাস ট্র্যান্সফার কক্ষপথ থেকে ভূ-সিনক্রোনাস ষ্টেশনারী কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে খবর মিলেছে।
এই স্যাটেলাইটটি ২০১১ সালে চালু হওয়া জিএসটি-২ টেলিযোগাযোগ স্যাটেলাইটকে প্রতিস্থাপিত করবে। বলা যেতে পারে, এই অতিমারির মধ্যে ইসরোর এটি দ্বিতীয় সফল অভিযান। এই পিএলএসভি-সি৫০ স্যাটেলাইট সিএমএস০১ কমিউকেশন স্যাটেলাইট বহন করছে যার দূরত্ব পৃথিবী থেকে ৪২ হাজার ১৬৪ কিলোমিটার।






