রণক্ষেত্র কেশপুর! অমিত শাহের সভার আগেই  বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি ভাঙচুর

দু’দিন পরেই ওই এলাকায় পা পরবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর তার আগে যখন প্রস্তুতি তুঙ্গে বিজেপি কর্মীদের তখন‌ই রণক্ষেত্র হয়ে উঠল মেদিনীপুরের কেশপুর।
শনিবার মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে  অমিত শাহ্য়ের জনসভা।
সেই হাইভোল্টেজ সভার প্রস্তুতি নিয়েই বুধবার রাতে বৈঠক করেন কেশপুরের গেরুয়া শিবিরের কর্মীরা।
আর এই বৈঠকের পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি, ভাঙচুর।
আর যথারীতি এই ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কেশপুরের আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকা।
রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে, অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সভা উপলক্ষে বুধবার আনন্দপুর থানা এলাকার বিজেপি কর্মীদের নিয়ে একটা বৈঠক ডাকা হয়। প্রথমে সেই বৈঠক সেরে বাড়ি ফেরার পথেই গেরুয়া শিবিরের কর্মীদের ওপর হামলা চালায় ঘাসফুল শিবিরের অনুগামীরা। রাতেই বৈঠকে উপস্থিত কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এমনকী বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজিও। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী ইউসুফ শারল বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা।
অমিত শাহ্য়ের মতো নেতার আসার আগে‌ এমন উত্তেজনার খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ। এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বোমার সুতলি। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED Articles