গোটা বছরটাই কেটেছে করোনা আতঙ্কে! প্রথমদিকে ভয় পেলেও এখন করোনাকে ডোন্ট কেয়ার করছে বেশিরভাগ। কমেছে হাত ধোয়ার পরিমাণ, স্যানিটাইজার ব্যবহারের মাত্রা। কারণ এখন আর অত ভয় পাচ্ছে না মানুষ।
আর তাই বর্ষশেষের উদযাপন জমিয়ে পালন করার ইচ্ছা প্রায় এখন প্রত্যেকের মনেই।
ভালোয় ভালোয় ২০২০কে বিদায় জানালেই হয়!
তবে এই আমজনতার এই উদযাপনের আনন্দেই এবার বাধ সাধছে কলকাতা পুলিশ।
করোনা নাকি আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরছে। তাই সতর্কতা আরও বেশি করে অবলম্বন করতে হবে। সরকারের নির্দেশিকা তাই বলছে।
আর সেই নির্দেশিকা পালনের লক্ষ্যেই এবার, নাইট ক্লাবে ঢোকা যাবে৷ কিন্তু নাচানাচি বন্ধ করল কলকাতা পুলিশ৷ করোনা নিয়ে সতর্কতার কারণে এমনই বিধিনিষেধ জারি করা হল। ফলে এবার বড়দিন এবং বর্ষশেষের রাত উদযাপনে কলকাতার বিভিন্ন পানশালা বা ক্লাবে যে উদ্দাম নাচের ছবি দেখা যায়, তা এবারের মতো বন্ধ।
তবে নাচ বন্ধ থাকলেও গানবাজনায় খামতি থাকবে না। নাইটক্লাবে থাকতে পারবে ডিজে-ও৷ কিন্তু টেবলে বসেই গান উপভোগ করতে হবে ক্রেতাদের৷ তবে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতেই নাচের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মনে করা হচ্ছে, করোনা সংক্রমণের আশঙ্কায় এ বছর পানশালাগুলিতে ভিড় কমই হবে। আর তাই অধিকাংশ পানশালাতেই এ বছর কোনও এন্ট্রি ফি রাখা হচ্ছে না৷ সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পানশালা কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে, তাও স্থানীয় থানাগুলিকে জানাতে হবে৷
করোনা নিয়ে আতঙ্ক আগের মত বজায় থাকলেও বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট৷ যদিও স্বাস্থ্যবিধি যাতে মানা হয়, তা নিশ্চিত করতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে।






