ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এই দশকের সেরা টেস্ট, ওয়ান ডে এবং টি– ২০ একাদশ ঘোষণা করেছে। সেই সঙ্গে আইসিসি বেছে নিয়েছে এই দশকের সেরা ক্রিকেটারদেরও। তবে দশকের সেরা টেস্ট, ওয়ান ডে এবং টি– ২০ একাদশে নাম নেই কোনও পাকিস্তানের ক্রিকেটারের। আর সেই কারণেই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। এছাড়াও আইসিসির ঘোষিত দলে পাকিস্তান ক্রিকেটারদের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল-মিমের বন্যা করছেন ভারতীয় দলের সমর্থকরা।
অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে শোয়েব যেন আইপিএলকেই কটাক্ষ করলেন, তিনি বলে যে আইসিসি সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছে। শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “আইসিসি হয়তো ভুলে গিয়েছে যে পাকিস্তানও তাদের সদস্য এবং তারাও টি- ২০ খেলে। ওরা বাবর আজমকে দলে রাখেনি, যে কিনা টি– ২০ এর এক নম্বর ব্যাটসম্যান।”
তিনি আরও বলেন, “কোহলির সঙ্গে তুলনা করলেও দেখা যাবে বাবর দেশের জন্য অনেক কিছু করেছে। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আইসিসি বুঝতে পারবে যে, তাদের বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত ছিল, আইপিএল একাদশ নয়। আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও ওই দলে রাখেনি। যদিও ওই টি- ২০ দলে থাকার প্রয়োজন নেই আমাদের কারণ তোমরা আইপিএলের দল ঘোষণা করেছ।”





