রাতারাতি বুলডোজার চালিয়ে ধূলিসাৎ বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগের আঙুল শাসকদলের দিকে

বছরের প্রথম দিনেই ঘটল বিপত্তি। রাতারাতি বুলডোজার চালিয়ে কেউ বা কারা ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপির কার্যালয়। তবে এই কাজ যে তৃনমূলেরই, এ বিষয়ে কোনও দ্বিমত নেই বিজেপির। অন্যদিকে, তাদের দিকে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবী, বেআইনিভাবে এই কার্যালয় তৈরি করা হয়েছিল। কার্যালয় ভাঙার ঘটনা নিয়ে বছরের প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়।

ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি গৌরান্ডী বাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এর আগেও এই স্থানে একটি বিজেপির কার্যালয় ছিল। সেখানেও ২০১৯ সালে তৃণমূল ভাঙচুর করে। সেই সময় বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ বাবুল সুপ্রিয় গিয়ে কার্যালয়টি পুনরুদ্ধার করেন। স্থানীয় বিজেপির নেতৃত্বে সেই স্থানেই নতুন কার্যালয় গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন তাঁরা। সেই পতাকার নীচেই চলত অফিস। সেখানেই দলীয় কর্মীরা জমায়েত হতেন, চলত আলোচনা।

কিন্তু তৈরি হওয়ার পর ফের ভেঙে দেওয়া হল বিজেপি কার্যালয়। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই বিষয়ে আসানসোলের যুব সভাপতি অরিজিৎ রায়ের দাবী, যেখানেই কার্যালয় তৈরি করছে বিজেপি, তা ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশের উদাসীনতার জন্যই এমন ঘটনা ঘটছে। শাসকদলকে শাসিয়ে তিনি বলেন ২০২১-এ নতুন সরকার গঠনের পর এসবের বদলা নেওয়া হবে।

তবে বিজেপির এই কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের স্থানীয় সভাপতি অসিত সিং বলেন, সরকারী জমিতে কার্যালয় বানাচ্ছে বিজেপি। এখানে বেআইনিভাবে জমি দখল করা হয়। তাঁর দাবী, “এখানে নেশাখোরদের আখড়া ছিল। এই কার্যালয় পুনরায় তৈরি না করার জন্য নোটিশ পাঠানো হয় পঞ্চায়েতের তরফ থেকে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। স্থানীয় মানুষ বা পঞ্চায়েতের লোক হয়ত কার্যালয়টি ভেঙে দিয়েছে”।

আরও অন্যান্য খবর