হিন্দুত্ব নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করায় ফের একবার বিতর্কের মুখে পড়লেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন যে হিন্দু হওয়া মানেই দেশপ্রেমী। দেশভক্তি হিন্দুদের চারিত্রিক বৈশিষ্ট্য। হিন্দুরা কখনও দেশদ্রোহী হতে পারেন না বলেই দাবী করেন সরসঙ্ঘচালক। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেন AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বেশ কিছু হিন্দু সন্ত্রাসবাদের উদাহরণ দেন তিনি।
গতকাল শুক্রবার, জে কে বাজাজ ও এম ডি শ্রীনিবাসের লেখা “Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj” বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই অনুষ্ঠানেই তিনি বক্তব্য রাখেন যে “গান্ধীজি বলে গিয়েছেন, আমার ধর্মই আমাকে শিক্ষা দেয়। আমি আমার ধর্মকে বুঝেই দেশভক্ত হব। অন্যদেরও বলব ধর্ম থেকে শিক্ষা নিয়ে দেশভক্ত হতে”। তাঁর কথায় গান্ধীজি নাকি বলেছেন স্বরাজ বোঝার আগে স্বধর্ম বোঝা বেশি দরকার।
এরপরই সঙ্ঘপ্রধান দাবী করেন যে, “যদি আপনি হিন্দু হন, তাহলে আপনাকে দেশভক্ত হতেই হবে। কারণ, দেশপ্রেম হিন্দুদের চারিত্রিক বৈশিষ্ট্য। একজন হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়ত তাঁর মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতে হয়, কিন্তু সে কখনও দেশবিরোধী হতে পারে না”। সম্প্রতি, সরসঙ্ঘের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁরা নাকি গান্ধীজির ভাবধারাকে বিকৃত করে নিজেদের নিদান দিচ্ছেন। এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করে আরএসএস প্রধান বলেন যে, গান্ধীজির মতো মানুষের ভাবধারাকে বিকৃত করার ধৃষ্টতা তাদের নেই।
এদিকে, মোহন ভাগবতের হিন্দুত্ববাদ নিয়ে এই মন্তব্যের বিরোধিতা করেছেন AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। একাধিক হিন্দু সন্ত্রাসবাদ ও দেশদ্রোহিতার উদাহরণ খাড়া করেন তিনি। একটি টুইট করে মোহন ভাগবতকে বিঁধে তিনি বলেন, “তাহলে গান্ধীজির হত্যাকারীরা কী? নেলি গণহত্যার নেপথ্যে কারা রয়েছে? গুজরাট হামলায় এত মানুষের প্রাণ গেল কীকরে?”
এরপর ওয়েইসির দাবী করেন যে জাতি-ধর্ম নির্বিশেষে বেশীরভাগ ভারতীয়ই দেশপ্রেমী। আরএসএস প্রধানকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, তাদের ভ্রান্ত ধারনার জন্যই একটা ধর্মের মানুষকে চোখ বন্ধ করে দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়া হয়, আর অন্য এক ধর্মের মানুষকে প্রাণ দিয়ে তা প্রমাণ করতে হয়।





