বাড়ছে মেট্রো সংখ্যা, সময়সূচীতে আমূল পরিবর্তন কলকাতা মেট্রোয়

ধীরে ধীরে ফের সবকিছুকে পুরনো ধাঁচে ফেরানোর চেষ্টা চলছে সব ক্ষেত্রেই। কলকাতা মেট্রোর ক্ষেত্রেও দেখা গেল সে একই চিত্র। আগামীকাল, সোমবার থেকেই বাড়ছে মেট্রোসংখ্যা। এছাড়াও, মেট্রো চলাচলের সময়সূচীতেও আসছে পরিবর্তন। এরপর থেকে নোয়াপাড়া ও কবি সুভাষ, দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টায়। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ‘নিউ নর্মাল’ দুনিয়ায় মানুষ মেট্রো সফরে অভ্যস্ত। মানুষ সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোর প্রয়োজনীয়তা বাড়ছে। এই কারণেই নতুন ছন্দে ফিরছে কলকাতা মেট্রো।

সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল থেকে ১১৪টি করে আপ ও ডাউনে চলবে মেট্রো। ৭ মিনিট অন্তর মিলবে পরিষেবা। রবিবারেও এই স্বাভাবিক থাকবে পরিস্থিতি। তবে শনি ও রবিবার মেট্রো সফরের জন্য লাগবে না কোনও ই-পাস।  কিন্তু জানা গিয়েছে যে টোকেন ব্যবস্থা এখনই চালু হচ্ছে না। তবে বর্তমানে মহিলা, বয়স্ক, ও শিশুদের জন্য কোনও ই-পাস লাগবে না। তাছাড়া, যাত্রীদের ওঠা-নামার সুবিধার জন্য প্রত্যেক স্টেশনে অন্তত ৩০ সেকেন্ড করে দাঁড়াবে মেট্রো। এর আগে তা ছিল ২৫ সেকেন্ড।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ই সেপ্টেম্বর করোনা পরিস্থিতির মধ্যেই চালু হয় মেট্রো পরিষেবা। এখন উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে চলছে মেট্রো। একাধিক সুরক্ষাবিধি আরোপ করে করোনা পরিস্থিতির মধ্যেই চালু হয় কলকাতা মেট্রো। প্রথমে ১১০টি মেট্রো নিয়ে শুরু হয় মেট্রোর যাত্রা। এরপর ধীরে ধীরে সেই সংখ্যা বাড়ানো হয়। কমানো হয় সময়ের ব্যবধান। ই-পাসের ব্যবস্থা ধীরে ধীরে সহজ হয়। টোকেন ব্যবস্থা চালু না হলেও স্মার্ট কার্ড দিয়েই হচ্ছে পরিষেবা। করোনার কারণে গত ২৩শে মার্চ বন্ধ হয়ে কায় মেট্রো। কিন্তু যাত্রীদের নিত্য ঝক্কির কথা মাথায় রেখেই রেল-রাজ্য বৈঠক করার পর ফের শহরে চালু হয় মেট্রো পরিষেবা।

RELATED Articles