সৌরভের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, ফোন করে খোঁজ নিলেন মহারাজের

মহারাজের শরীর নিয়ে কপালে ভাঁজ পরেছে তাঁর অনুগামী থেকে শুরু করে খেলা জগত ও বিনোদন জগতের মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে অন্যতম। অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেমন আছেন দাদা, তা জানতেই তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী। তবে সৌরভের পরিবার বা হাসপাতাল সূত্রে এই বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্র মারফত মিলেছে এই খবর।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকালের দিকে সৌরভের ব্যক্তিগত নম্বরে ফোন করেন মোদী। তাঁর স্বাস্থ্যের সম্বন্ধে খোঁজখবর নেন। তাঁর কোনও কিছুর প্রয়োজন রয়েছে কী না, সেই বিষয়েও বিশদ জানতে চান। প্রয়োজনে বিদেশে গিয়েও চিকিৎসা করানোর কথা বলেন প্রধানমন্ত্রী। বেশ কয়েক মিনিট কথা হয় দুই ব্যক্তিত্বের মধ্যে। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদীজি। জানা গিয়েছে, সৌরভের স্ত্রী ডোনার সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি সৌরভের পরিবারের তরফ থেকে। ব্যক্তিগত স্তরে কথা হয়েছে বলে হাসপাতালের তরফ থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সৌরভের জন্য অসংখ্য ফোন আসে। তবে, বেশি ফোন ব্যবহার করছেন না মহারাজ। তবে জানা গিয়েছে, তাঁর জন্য ফোন এসেছে সচিন তেন্ডুল্কর, লতা মঙ্গেশকর, রাহুল দ্রাবিড় প্রমুখ। সৌরভকে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে কী না, এ বিষয়ে তাঁর দাদা স্নেহাশিস জানান, মহারাজকে কোথাও নিয়ে যাওয়ার হচ্ছে না। অন্তত, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, আজ উডল্যান্ড হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে চিকিৎসায় বেশ ভালোই সাড়া দিচ্ছেন দাদা। গল্প করছেন, কাগজ পড়েছেন। মেডিক্যাল টিমের মতে, তারা যা ভেবেছিলেন, সেই মতোই শারীরিক উন্নতি হচ্ছে তাঁর। সৌরভের বাকী যে দুটি ধমনীতে ব্লকেজ রয়েছে, তাতে এখনই বাইপাস সার্জারি করা হচ্ছে না। তাতে স্টেন্ট বসানো। তবে জানা গিয়েছে, আগামীকাল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আট সদস্যের মেডিক্যাল বোর্ড।

RELATED Articles