ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে চান আর তাই তৃণমূল ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।
সূত্রের খবর, সদ্য প্রাক্তন মন্ত্রী এদিন বাক্য বিস্ফোরণ ঘটিয়েছেন। নিজের মন্ত্রিত্ব ছাড়ার পিছনের কারণ হিসেবে অভিযোগ করে জানিয়েছেন, সাড়ে ৪ বছরের তার মন্ত্রিত্বের কেরিয়ারে একটিও ফাইল আসেনি তাঁর কাছে। মন্ত্রী হওয়া সত্ত্বেও দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা। প্রতিটা পদে কোনও কাজ করতে গেলে সম্মুখীন হতে হয়েছে বাঁধার।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, প্রায় ৬ মাস আগে লক্ষ্মীরতন শুক্লাকে হাওড়া শহর তৃণমূলের সভাপতি করা হয়। কিন্তু তাঁর দাবি, জেলা সভাপতি পরিবর্তন করা হলে জেলার দলীয় সংগঠনে পরিবর্তন করা হয়। সেই কথা মাথায় রেখেই তিনি দায়িত্ব নেওয়ার চারদিনের মধ্যে মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নতুন তালিকা তৈরি করে সেটা দলের নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, তার সুপারিশ অনুযায়ী এখনও পর্যন্ত একটা ব্লকের সভাপতি পর্যন্ত বদলা করা হয়নি। তবে তার জেরেই লক্ষ্মী দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা নেই।
তাৎপর্যপূর্ণভাবে, বাংলার প্রাক্তন ক্রিকেটার অধিনায়কের তৃণমূল ত্যাগের পরদিনই তাঁকে বিজেপিতে স্বাগত জানালেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ অর্থাৎ বুধবার পুরুলিয়ায় লক্ষ্মীরতনকে বিজেপিতে যোগদানের আহ্বান জানান তিনি।
এদিন দিলীপবাবু বলেন, ‘আমি তো লক্ষ্মীরতন শুক্লকে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্পিরিট আছে সেটা দেশের কাজে লাগান বিজেপির মাধ্যমে।’
তবে মঙ্গলবারই রাজনীতি থেকে সাময়িক দূরে থাকতে চান বলে জানিয়ে তৃণমূল থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন।





