শনিবার থেকেই শিরোনামে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌরভের অসুস্থতার পর থেকে যেন রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কড়া টক্কর দিতে বিজেপির চাই এমন একজন মুখ যে কিনা হতে পারে বঙ্গ আইকন। সেই আইকন হিসেবেই অনেকেই ভাবেন সৌরভের নাম। এর ফলে অনেকদিন থেকেই জল্পনা চলছে যে সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন।
আর সৌরভের অসুস্থতার পর বিজেপি নেতাদের উদ্বেগ দেখে এই জল্পনা আরও বাড়ছে। সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। কাটোয়ায় বিজেপির চা চক্রে যোগ দিতে গিয়ে তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরে কোন চাপ নেই, তিনি বিজেপিতে এলে তাঁকে স্বাগত জানানো হবে।” সুতরাং বিজেপির তরফ থেকে কোনও বাধা নেই। সবটাই সৌরভের ইচ্ছা।
শুধু ক্রীড়াবিদ নয় উদ্বিগ্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। মহারাজের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও ফোন করে খবর নিয়েছিলেন অমিত শাহ। অন্যদিকে সৌরভ এখন ভালোই আছেন। শনিবার সকালে জিম করতে গিয়ে নিজের বাড়িতেই মাথা ঘুরে পরে যান সৌরভ। এরপর মাইল্ড অ্যাটাক হয়। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা হলেও সৌরভ আর একদিন থেকে আগামীকাল বাড়ি যেতে পারেন। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এটা সম্পূর্ণ সৌরভের নিজস্ব ইচ্ছা।





