শাসকদলের অন্দরে একের পর এক ভাঙন লেগেই রয়েছে। আগামী নির্বাচন মাথাচাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই দল বিরোধী হয়ে উঠেছেন একাধিক তৃণমূল নেতা-বিধায়ক-কর্মী। ইতিমধ্যেই একাধিক তৃণমূল কর্মী-বিধায়ক দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। চেষ্টা করেও ভাঙন রোখা সম্ভবপর হচ্ছে না। এবার আজ দল থেকে পদত্যাগ করলেন আরও এক বিধায়ক।
জানা গিয়েছে, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর জেরেই ফের শাসকদলে শুরু হয়েছে চাপানউতোর। শ্যামল আদক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে বিশেষ পরিচিত। তবে কী শ্যামলবাবুও এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলের দিকেই ঝুঁকবেন? এই প্রশ্ন উঠেছে এখন রাজনৈতিক মহলে।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আজ, শুক্রবার শ্যামলকুমার আদকের প্রতিনিধি হয়ে কাউন্সিলর দীপক মুন্দা পুরসভার কর্মকর্তার কাছে ওঁর ইস্তফাপত্র জমা দেন। তবে শ্যামলবাবু হঠাৎ পদত্যাগের এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
শ্যামলকুমার আদকের ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নানান জল্পনা। অনেকেরই মত, তিনিও তাঁর ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর পথই অনুসরণ করবে। গত ১৯শে ডিসেম্বর গেরুয়া শিবিরে অভিষেক হয় শুভেন্দুর। তাই, এবার রাজনৈতিক মহলের একাংশের মত, শ্যামলকুমার আদকও হয়ত বিজেপিতে যোগ দেবেন। তাই পদ থেকে ইস্তফা দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এই বিষয়ে শ্যামলবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি আদৌ পদ্মফুলে যাবেন কী না, তা তো সময়ই বলবে।






