এবার রাজনীতির মাঠে পা রাখছেন সৌরভ! না, ইনি সৌরভ গাঙ্গুলি নন। ইনি টলিউডের বিখ্যাত অভিনেতা সৌরভ দাস। যিনি বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমার পরিচিত মুখ। কান পাতলেই শোনা যাচ্ছে যে, ‘চরিত্রহীন’ সৌরভ এবার যোগ দিচ্ছেন তৃণমূলে! যে খবর আজ সকালেই আগুনের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
গতকাল বৃহস্পতিবার সৌরভ একটি সাক্ষাৎকারে বলেন, “সামনে ভোট, এখন অনেক কাদা ছোড়াছুড়ি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি জানি সব কিছু ঠিকই থাকবে। দাঁড়িয়ে কাজ করলে সবকিছু ঠিকই হয়। আমি জানি যে বাংলা বেঁচে উঠবে, বাংলা ভালো থাকবে।” তার এই মন্তব্যই অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কিছুক্ষণ আগেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এবার বিজেপিতেই যাবেন বলে অভিমত। সেখানে মন্টু পাইলট অর্থাৎ সৌরভ দাস তৃণমূলে কেন যাচ্ছেন বলে প্রশ্ন তুলছেন তার ভক্তরা। কারণ তৃণমূলে ঝাঁকে ঝাঁকে অভিনয় জগতের মানুষদের নেওয়া হয় এবং তারপরে তাদের যোগ্য সম্মান দেওয়া হয় না। সেইজন্যই সিনেমা জগতের যেসকল ব্যক্তি তৃণমূলে গিয়েছেন তারা সকলেই এই দলের প্রতি তিতিবিরক্ত। সাম্প্রতিক উদাহরণ রুদ্রনীল ঘোষ। সেখানে দাঁড়িয়ে সৌরভের তৃণমূলে যোগদান করা উচিত নয় বলে মনে করছেন অনেকে।






