Netaji’s Portait Broke: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জের! জন্মবার্ষিকীর দিনই মাটিতে ফেলে ভাঙা হল নেতাজির ছবি

গতকাল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন দেশনায়ককে সম্মান জানিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন চলছে, ঠিক তখনই রাজ্যেরই অন্য এক প্রান্তে সেই দেশনায়কেরই ছবি মাটিতে ফেলে ভাঙা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে জন্মবার্ষিকীর দিনই ভাঙা হল তাঁর ছবি।

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। জানা যায়, গতকাল শনিবার, শান্তিপুরে তৃণমূলে দলীয় কার্যালয়ে নেতাজির ছবিতে মাল্যদানের পর পালন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মৈত্র ও নানান তৃণমূল কর্মীরা। অভিযোগ, এই সময়ই আচমকাই তৃণমূলের প্রায় ১৫ জন দুষ্কৃতী  ওই তৃণমূল কার্যালয়ে হামলা চালায়। এমনকি, রানাঘাট যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুমিত প্রামাণিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও দাবী। এর সঙ্গেই ভাঙচুর করা হয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র। মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় নেতাজির ছবিও। জন্মবার্ষিকীর দিনই এত বড় অসম্মান দেখানো হয় দেশনায়ককে।

এই হামলা হতেই শুরু হয় চিৎকার। এরই মাঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্ক্রীতরা। সুমিত প্রামাণিককে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ও পরে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর মিলেছে।

এদিকে অরূপ মৈত্রের অভিযোগ, যারা হামলা ও মারধর করেছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী। কিন্তু ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও তিনি বুঝে উঠতে পারছেন না বলেই জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শান্তিপুর থানার পুলিশ। কারা এই হামলা করেছে, বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও অন্যান্য খবর