TMC-BJP Clash: উত্তপ্ত নন্দীগ্রাম! গ্রাম্য বিবাদ থেকে রাজনৈতিক সংঘর্ষ, গুরুতর জখম ২ বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

ফের একবার রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত নন্দীগ্রামের মাটি। সামান্য একটি গ্রাম্য বিবাদ থেকে রাজনৈতিক অশান্তির সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। অশান্তির জেরে ভাঙা হয় এক বিজেপি কর্মীর দোকান, বেশ জখম হয়েছেন ২ বিজেপি কর্মী। অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উত্তেজনার পারদ চড়লে পাল্টা তৃণমূলের উপরেও হামলা করা হয় বলে খবর মিলেছে।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের মহম্মদপুর এলাকায় গভীর রাতে। ঘটনার সূত্রপাত একটি সামান্য গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট এলাকায় ঝামেলার জেরে এক বিজেপি কর্মীর দোকান ভাঙা হয় বলে খবর মিলেছে। সেই ঘটনা থেকেই শুরু হয় রাজনৈতিক বিবাদ। এর জেরে দুই বিজেপি কর্মীর গুরুতর জখম বলে অভিযোগ। তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। আবার এই ঘটনার পাল্টা হামলা করে বিজেপিও। রাতের দিকে তৃণমূল সদস্যের বাড়িতে হামলা কড়া হয়েছে বলে অভিযোগ।

আগামী বিধানসভা নির্বাচনের জন্য নন্দীগ্রাম সবথেকে আকর্ষণীয় কেন্দ্র। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি নিজেই আগামী নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়বেন। এখানে তাঁর প্রতিপক্ষ হতে পারেন শুভেন্দু অধিকারী। তিনিও ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানিয়েছেন যে নন্দীগ্রাম থেকে তিনি মুখ্যমন্ত্রীকে আধ-লাখ ভোটে হারাবেন। দুই কট্টর প্রতিযোগী মাঠে নামার আগেই রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে।

আজ, সোমবার তমলুকে শুভেন্দুর সভা, মিছিল রয়েছে। এর ঠিক আগেই নন্দীগ্রামে এই রাজনৈতিক অশান্তি, বিজেপি কর্মীদের জখম হওয়ার ঘটনা ঘটল। এই ঘটনার প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী তমলুকে এসপি অফিস ঘেরাও কর্মসূচী করবেন বলে খবর রয়েছে। এই বিষয়টি নিয়ে জনসভা থেকে হয়ত শুভেন্দু কড়া বার্তা দিতে পারেন বলেই অনুমান করা হচ্ছে।

আরও অন্যান্য খবর