আজ ৭২তম গণতন্ত্র দিবস। গোটা দেশ জুড়ে বেশ সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। দেশের নানান প্রান্তে উত্তোলিত হচ্ছে তিরঙ্গা পতাকা। দিল্লির রাজপথেও কুচকাওয়াজ শুরু হয়ে গিয়েছে। আজ লাদাখের উঁচু পর্বতের শৃঙ্গে মোতায়েন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা গণতন্ত্র দিবস পালন করলেন।
লাদাখ সীমান্ত রক্ষার্থে সেই দুর্গম স্থানে সেনা পোস্টে মোতায়েন রয়েছেন ইন্দ-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের বা ITBP-এর জওয়ানরা। ITBP জওয়ানদের মধ্যে রয়েছেন মহিলা জওয়ানরাও। এখন লাদাখ সীমান্তে তাপমাত্রা মাইনাস ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরই মাঝে লাদাখে বরফ জমে যাওয়া ঝিলের উপর তিরঙ্গা পতাকা নিয়ে মার্চ করেন ITBP-এর জওয়ানরা। এই হাড় কাঁপানো ঠাণ্ডায় গণতন্ত্র দিবস পালন করেন তাঁরা। লাদাখের দুর্গম স্থান ও ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা ঝিল ঠাণ্ডায় জমে গিয়েছে। সেখানে সেই ঝিলের উপরেই তিরঙ্গা মার্চ করে গণতন্ত্র দিবস পালন করলেন ITBP-এর জওয়ানরা।
https://twitter.com/ITBP_official/status/1353905883718111232
আজ, দিল্লির রাজপথেও গণতন্ত্র দিবস উপলক্ষ্যে হচ্ছে কুচকাওয়াজ। তবে অন্য বছরের তুলনায় এই বছর ছবিটা সামান্য আলাদা। কুচকাওয়াজে অংশগ্রহণ করা প্রতিটি বাহিনীতে কমানো হয়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। দর্শকাসনেও রাশ টানা হয়েছে। ১৫ বছরের নীচে কোনও তরুণ-তরুণীকে এই বছর প্রবেশ করতে দেওয়া হবে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। গণতন্ত্র দিবসের জন্য আজ নিউ দিল্লকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।






