৭২ তম প্রজাতন্ত্র দিবসে ভারতের আকাশ কাঁপালো ‘রাফাল’! 

আজ দেশ ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংবিধান আজকে থেকেই কার্যকর হয়েছিল। আর তারপর থেকে প্রতি বছরই ২৬শে জানুয়ারি ধুমধাম করে পালিত হয়ে চলেছে প্রজাতন্ত্র দিবস। এবারও তাতে ব্যতিক্রম হল না।

তবে বিশ্বব্যাপী মহামারীর কারণে এই বছর প্রজাতন্ত্র দিবসের ঘটা অনেকটাই কম। সমস্ত রকম অনুষ্ঠান‌ই ছোটখাটো করে আয়োজন করা হয়েছে।

অন্যান্য বছরের ১৭-১৮ কিলোমিটার কুচকাওয়াজের দৈর্ঘ্যপথ এবার ৩ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অন্যবারের মতো এবারও বিজয় চক থেকে শুরু হয় কুচকাওয়াজ। কিন্তু লালকেল্লার পরিবর্তে কুচকাওয়াজ শেষ হয় ন্যাশনাল হকি স্টেডিয়ামে। অংশগ্রহণকারী জওয়ানের সংখ্যাও কমেছে। করোনা সুরক্ষাবিধির জন্য কমেছে দর্শক সংখ্যা। ১.১৫ লাখের পরিবর্তে দর্শক সংখ্যা ২৫,০০০-এর আশপাশে বেঁধে রাখা হয়। ১৫ বছরের নীচে শিশু এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণদের অনুষ্ঠানে হাজির থাকার অনুমতি দেওয়া হয়নি।

তবে এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ ছিল সদ্য আমদানি করা ফাইটার জেট ‘রাফাল’। তার গগনভেদী আওয়াজে চমকে উঠলো দিল্লির আকাশ।

প্রসঙ্গত, ‘একলব্য’ ফর্মেশনে প্রথমবার প্রজাতন্ত্র দিবসে সামিল হল রাফাল যুদ্ধবিমান। সেই ফর্মেশনে একটি রাফাল, দুটি জাগুয়ার এবং দুটি মিগ-২৯ বিমান ছিল। ৩০০ মিটার উচ্চতায় এবং ঘণ্টায় ৭৮০ কিলোমিটার বেগে উড়ে যায় সেই ফর্মেশন।

তাৎপর্যপূর্ণ ভাবে এই বছর, সিলকা সমরাস্ত্র সিস্টেমের নেতৃত্ব দিলেন ১৪০ এয়ার ডিফেন্স রেজিমেন্টের (সেলফ প্রপেলড) ক্যাপ্টেন প্রীতি চৌধুরী। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার একমাত্র মহিলা বাহিনীর কমান্ডার। 

RELATED Articles