অভিনব দৃশ্য! ২১০ ফুটের তেরঙ্গা হাতে নিয়ে মিছিল করে দেশমাতাকে শ্রদ্ধা জানালেন সুন্দরবনের মায়েরা

প্রকৃতির সঙ্গে সর্বদাই লড়াই চলছে তাদের। মাঝে মধ্যেই সহ্য করতে হয় প্রকৃতির চোখরাঙানি। সেই চোখরাঙানিতে উজার হয়ে যায় তাদের বাড়িঘর। তছনছ হয়ে যায় তাদের জীবনযাত্রা। কিন্তু তারপরেও সমস্ত মনোবল একত্রিত করে ফের তাঁরা ঘুরে দাঁড়ায়, আবার সুন্দর করে সাজিয়ে তোলে তাদের জীবন। জীবনের হাজার ঝড়ঝাপটা সামলেও আজ প্রজাতন্ত্র দিবসের দিন এক অভিনব কায়দায় দেশমাতাকে সম্মান জানালেন সুন্দরবনের মায়েরা।

এদিন এক শিহরণ জাগানো প্রজাতন্ত্র দিবসের সাক্ষী থাকল সুন্দরবনের ঝড়খালির মানুষ। ২১০ ফুটের তেরঙ্গা নিয়ে প্রায় ৫ কিলোমিটার পথ মিছিল করলেন ঝড়খালির ১০০ জন গৃহবধূ। কুয়াশা ঘেরা ধানজমির পাশ দিয়েই বয়ে চলল ২১০ ফুটের পতাকা। সকল গৃহবধূর পরনেই লাল পেড়ে সাদা শাড়ি। কারোর কোলে আবার তাদের সন্তানও রয়েছে। প্রত্যেকেই ধরে রয়েছেন তেরঙ্গা। এক অভিনব উদ্যোগের মধ্যে সুন্দরবনের মায়েরা আজ প্রজাতন্ত্র দিবসের দিন শ্রদ্ধাজ্ঞাপন করলেন দেশমাতাকে।

বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রামের ছোটো দিন্দারঘেরী গ্রামেই এদিন মিছিল করেন গ্রামের গৃহবধূরা। মিছিল চলে চৌরঙ্গী থেকে বাঁশিরাম পর্যন্ত। সুদীর্ঘ এই পতাকা হাতে গ্রামের মায়েদের মিছিলের এই অপূর্ব দৃশ্য দেখার জিন্য ভিড় জমান গ্রামের মানুষ। রাস্তার দু’পাশে মানুষের জমায়েত আর তার মাঝে সুবিশাল তেরঙ্গা, এই দৃশ্যের সাক্ষী থাকল গোটা গ্রাম। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগেই এইভাবে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস।

আরও অন্যান্য খবর