এবার লক্ষ্য মমতার ভাই, শুভেন্দুর উদ্যোগে কালীঘাটে ফুটবে পদ্ম!

‘আগামীদিনে কি হবে, সেটা কেউ বলতে পারে না। কালকে কী করব? আমি নিজেও জানি না।’ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে ছিল এই ধরনের মন্তব্য। আর যা জন্ম দিয়েছিল বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনার।

প্রসঙ্গত কয়েকদিন আগেই, মুখ্যমন্ত্রীর গড় হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢুকে পদ্ম ফুটে আসার হুমকি দিয়েছিলেন বিজেপি নিতাই শুভেন্দু অধিকারী। মুখ্যমুন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও মিলেছিল পদ্ম ফোটার‌ই  ইঙ্গিত।

প্রসঙ্গত, প্রতিবছর বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটে ‘বিবেক মেলা’র আয়োজন করে থাকেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে আয়োজনে কাটছাঁট করা হয়েছে, তবে মেলা বসে এবারও। ১৫ দিনের পরিবর্তে মেলা চলে ১২ দিন। সেই মেলা প্রাঙ্গনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের মতোই রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব হন কার্তিক। বলেন,  ‘মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।’

তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলসা করে জানাননি কিছুই। উল্টে বললেন, ‘কালকে কী করবে? তা তিনি নিজেও জানেন না’। আর তাতেই জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে।

আর এবার সেই জল্পনাতেই ঘৃতাহুতি দিলেন শুভেন্দু। সোমাবার তমলুকের সভায় তিনি বলেন, ”মাননীয় তোলাবাজ ভাইপো, আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। বাকি ২৪শে এপ্রিল রামনবমী আছে, তার আগেই সব পদ্ম ফুটে যাবে। আর ১৬ই ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতেও পদ্ম ফুটাইব।” তবে এই প্রথমবার নয়,অতীতেও মমতা বন্দ্য়োপাধ্যায়কে ইঙ্গিত করে এমনটাই বলেছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র।

আর তৃণমূল ত্যাগী বিজেপি নেতার এই মন্তব্যের পর‌ই প্রশ্ন উঠছে,মমতার পরিবার থেকে ভাঙিয়ে কাকে বিজেপিতে আনতে পারেন শুভেন্দু ? রাজ্য রাজনৈতিক মহলের ধারণা, পদ্ম শিবিরে  নাম লেখাতে চলেছেন মুখ্যমন্ত্রীর ভাই  কার্তিক বন্দ্যোপাধ্যায়।

এতদিন আড়ালে-আবডালে কথা শোনা গেলেও এবার খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের গলায় বেসুরো কথা শুনে মুখ খুলেছে তৃণমূল। দলের বরিষ্ঠ সাংসদ সৌগত রায় বলেছেন, কার্তিক কোনওদিনই দলের কেউ নয়। কোনও পদে নেই। বা বিধায়কও নন। যদিও দলের ফ্রন্টাল সংগঠন আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বে ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়ই।

কালীঘাটের অন্দরে কান পাতলে শোনা যায়,কার্তিকের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভালো। এমনকী দল ছাড়ার পরও তাঁদের যোগাযোগ রয়েছে বলে খবর। গত বছরই কার্তিকের বিবেক দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। তাই তিনি যখন কালীঘাটে বা অভিষেকের বাড়িতে পদ্ম ফোটানোর কথা বলেন, তখন কার্তিকের দিকেই নজর যায়।

RELATED Articles