রাজধানীতে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল অমিত শাহ্’র বঙ্গ সফর! পরিবর্তে কাল আসতে পারেন নাড্ডা

একেবারে শেষ মুহূর্তে এসে তরী ডুবল! রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল বিকেল পাঁচটা নাগাদ দেশের রাজধানী দিল্লিতে বিস্ফোরণ ঘটে ইজরায়েলি দূতাবাসের সামনে। এখনও পর্যন্ত এই হামলায় তিনটি গাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে l

প্রাথমিক ভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত হাতহতের কোনও খবর মেলেনি। জিন্দল হাইসের কাছে ৫ এপিজে আব্দুল কালাম রোডের ইজরায়েলি দূাতাবাসের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয় এই বিস্ফোরণ। হাইপ্রফাইল ‌এলাকায় এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। সেই সময় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আর দিল্লিতে এই ঘটনার পরই বাতিল করা হয় অমিত শাহ্’র বঙ্গ সফর। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলা হবে। এমনটাই জানিয়েছেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। সূত্রের খবর, অমিতের পরিবর্তে এই যোগদান মেলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ, শুক্রবার গভীর রাতে কলকাতার বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহ্’র। শনি ও রবিবার বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। এমনকী, বিজেপি সূত্রে তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো তৃণমূলের হেভিওয়েটদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছিল। খবর ছিল, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে শাহি জনসভায় তাঁরা যোগ দেবেন গেরুয়া শিবিরে। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে উলটপালট হয়ে গেল সবকিছুই! আপাতত বাতিল অমিত শাহের দু’দিনের বাংলা সফর।

রাজধানীতে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল অমিত শাহ্'র বঙ্গ সফর! পরিবর্তে কাল আসতে পারেন নাড্ডা

সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের পর সন্ধ্যে থেকে অমিত শাহ্ নিজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আইবি-র প্রধান ও দিল্লির পুলিস কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। দফায় দফায় চলে বৈঠক। এরপরই রাতের দিকে নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি থেকে ইতিমধ্যেই সে খবর রাজ্য বিজেপি নেতৃত্বকে জানিয়েও দেওয়া হয়েছে খবর।

আরও অন্যান্য খবর