ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। এবারের আগুনের কবলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজার। গভীর রাতে লাগে আগুন। এর জেরে নিমেষে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০০-এরও বেশি দোকান। প্রাথমিকভাবে বাজারের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায় বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আড়াইটে নাগাদ। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে গভীর রাত হওয়ায় আগুন লাগার ঘটনা প্রথমে কেউ টের পায়নি। এরপর এলাকাবাসীর নজরে আসতেই তাঁরা দমকলে খবর দেন। প্রাথমিকভাবে তাঁরা ও বাজারের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ততক্ষণে দাউদাউ করে জ্বলছে শতাধিক দোকান। উত্তরে হাওয়া থাকায় আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। দমকল আধিকারিকদের মতে, আগুন সম্পূর্ণভাবে না নিভলে অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়।
আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। এমনিতেই লকডাউনের ফলে ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল। এর উপর এমন ভয়ানক অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রায় সর্বস্বান্ত তাঁরা।
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরেই কলকাতা ও শহরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই বাগবাজারে বিধ্বংসী আগুনের জেরে ঘরছাড়া হয় বহু মানুষ। তারপর ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগার জেরে পুড়ে ছাই হয়ে বেশ কিছু ঘর।





