বাতিল রঞ্জি ট্রফি, ৮৭ বছরে এই প্রথম এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিসিসিআই

ঘরোয়া ক্রিকেটের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। চলমান সৈয়দ মুস্তাক আলী ট্রফির পর বিজয় হাজারে ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এরই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৮৭ বছরে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির আয়োজন করা হবে না। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি এবং ভারত-ইংল্যান্ড সিরিজের পাশাপাশি বিসিসিআই এরপর অনূর্ধ্ব -১৯ ক্রিকেটে বিনু মাঁকড় ট্রফি এবং মহিলা সিনিয়র ওয়ানডে ট্রফির আয়োজন করবে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ রাজ্য সমিতিগুলিকে তাঁর চিঠিতে লিখেছেন যে, রাজ্য সমিতিগুলির কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া ও করোনার ভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সংবাদসংস্থা পিটিআইয়ের সাথে আলাপকালে জয় শাহ বলেছদন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে এবার আমরা বিজয় হাজারে ট্রফি এবং অনূর্ধ্ব -১৯ বিনু মাঁকড় ট্রফির পাশাপাশি সিনিয়র মহিলা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছি। এবার করোনা কালে দীর্ঘ ফর্ম্যাটের রঞ্জি ট্রফির আয়োজন করা খুব কঠিন ছিল। এখনও পর্যন্ত করোনা মহামারীর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে।”

ববলা বাহুল্য যে, ভারত সফলভাবে সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্ট আয়োজন করছে। লিগ সহ সেমিফাইনাল ম্যাচগুলি শেষ হয়ে গেছে এবং এখন কেবল ফাইনাল ম্যাচ বাকি। করোনা আবহে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে যা বেশ ইতিবাচক খবর। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। দুই দেশের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে।

আরও অন্যান্য খবর