অশালীনতার পরিচয়! প্রধানমন্ত্রীকে ‘জালিয়াত’, ‘নেমকহারাম’ বলে অপমান করলেন অনুব্রত মণ্ডল

সামনেই বিধানসভা নির্বাচন। এর মধ্যেই রাজ্যের শাসকদল ও বিরোধী পক্ষ, যে যার মতো করে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে। একে অপরকে শানাতেও কসুর করছে না কোনও দলই। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেও বহুবার নানাভাবে আক্রমণ করে এসেছেন, আর সেই ধারা এখনও অব্যাহত। এবার সেই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

এমনিতে অনুব্রত মণ্ডল নিজের নানান মন্তব্যের জন্য বেশ জনপ্রিয়। এর আগেও একাধিকবার বিজেপি নেতা, মন্ত্রীদের নানান ভাষায় শানিয়েছেন তিনি। কিন্তু এবার তাঁর নিশানা সরাসরি প্রধানমন্ত্রী। তাঁকেও অকথ্য ভাষায় অপমান করলেন অনুব্রত।

গতকাল, শনিবার বীরভূমের রাজনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক বাক্যবাণে বিঁধলেন অনুব্রত মণ্ডল। প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তিনি বলেন, “বিজেপি সরকার একের পর এক ভাঁওতাবাজি করছে। ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার এক শতাংশও পূরণ করতে পারেনি ওরা”। এরপর নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ শানিয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী আগে দেখিনি”। তিনি এও বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভয় পেয়েছেন বলেই নাকি বাংলা সফর বাতিল করেছেন। বিজেপি বুঝে গিয়েছে বাংলা দখল করা সহজ নয়, এই কারণেই নাকি অমিত শাহ বাংলায় আসেননি বলেই মনে করেন অনুব্রত।

এই মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান প্রকল্পের প্রশংসা করেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি মানুষের ভালো ছাড়া কিছুই বোঝেন না। উনি ধর্ম নিয়ে মাতামাতি করেন না,আর ভেদাভেদও করেন না। তিনি হিন্দুদের জন্য যতটা ভাবেন, মুসলিমদের জন্যও ততটাই ভাবেন”। এদিন অনুব্রত এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলে রাজ্যের নানান প্রকল্পগুলিও বন্ধ হয়ে যাবে।

RELATED Articles