গতকাল ছিল টেট পরীক্ষা। গত টেট পরীক্ষায় দুর্নীতি দেখা দেওয়ায় সরকারের তরফ থেকে ফলাফল ও পরীক্ষার গোটা প্যানেলই বাতিল করা হয়। এরপর গতকাল পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয়। কিন্তু এবারেও ঘটল বিপত্তি। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এমনটাই দাবী করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আজ, সোমবার পূর্ব বর্ধমানে সভা করেন শুভেন্দু। এই সভা থেকে ফের একবার শাসকদলকে আক্রমণ শানান সদ্য বিজেপি নেতা। তাঁর দাবী রবিবার হওয়া টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এও বলেন যে রাজ্যে বেকারত্ব ঘোচাতে ও রাজ্যের যুবক-যুবতীদের চাকরি পেতে হলে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।
এদিন সভায় দাঁড়িয়ে শুভেন্দুর দাবী, “গতকাল টেট পরীক্ষা ছিল। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। কিন্তু ১১টা ৪০ মিনিট থেকেই সকলের ফোনে প্রশ্নপত্র ঘুরছে”। এর সঙ্গে তিনি আবার সকলকে মনে করিয়ে দেন যে ২০১৪ সালের পর থেকে আর এসএসসি পরীক্ষা হয়নি। তাঁর দাবী বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে। বিজেপির সঙ্গে এমনটাই চুক্তি হয়েছে তাঁর।
এদিন শুভেন্দু টেট দুর্নীতির পাশাপাশি ভোটে কারচুপির অভিযোগও তোলেন শাসকদলের বিরুদ্ধে। তাঁর দাবী, আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কারচুপি করে জিতেছে। বলেন, “আরামবাগ লোকসভা কেন্দ্রেও গণনায় কারচুপি করে জিতেছে। ১৬ খানা ইভিএম আটকে রেখে ২,৫০০ ভোটে জিতেছে শাসকদল”। এদিন বামপন্থীদের আহ্বান জানিয়ে শুভেন্দুর বার্তা, পুরসভা-পঞ্চায়েত ভোট করাতে হলে বিজেপিকে ভোট দিন।





