Bengal Assembly: ধুন্ধুমার ফেব্রুয়ারি! ৬,৭ নাড্ডা, মোদী, ৮ – ৯ অমিত শাহ্, জিততে বঙ্গ ঝাঁপাচ্ছে পদ্ম

দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে ২৯শে জানুয়ারি একেবারে তীরে এসে তরী ডোবে। অর্থাৎ অমিত শাহ্’র রাজ্যসফর স্থগিত হয়ে যায়। তবে তিনি যে খুব তাড়াতাড়িই বাংলায় আসছেন, রবিবার হাওড়ার ডুমুরজলার বিজেপির মেগা যোগদান সভায় ভার্চুয়াল বার্তায় স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই আজ বিজেপির সূত্রে বিজেপির চাণক্যের সফরসূচী স্পষ্ট করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের পরদিন‌ই অর্থাৎ আগামী ৮ ও ৯ই ফেব্রুয়ারি, দু’দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথম ২ সপ্তাহ জুড়ে রাজ্যে ঠাসা কর্মসূচি মোদী-শাহ-নাড্ডার। ৬ই ফেব্রুয়ারি বাংলায় আসছেন জে পি নাড্ডা। ওইদিন পশ্চিমবঙ্গ জুড়ে ৫টি রথযাত্রার মধ্যে একটি রথযাত্রার সূচনা করবেন তিনি। পরদিনই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। উদ্বোধন করবেন ১১০০ কোটি টাকা খরচ করে বানানো এলপিজি টার্মিনালের। এরপর, ৮ই ফেব্রুয়ারি , দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। আর তারপর ১০ ফেব্রুয়ারি রথযাত্রার উদ্বোধনে আবার আসছেন নাড্ডা। সবমিলিয়ে বলা যায় ধুন্ধুমার ফেব্রুয়ারি! কেন্দ্রের মাথাদের আনাগোনায় বাংলা যে  সেইসময় উত্তপ্ত হয়েই থাকবে তা বলা বাহুল্য।

দুদিনের সফরে রাজ্যে এসে প্রথমে ঠাকুরনগরে মতুয়াদের সভা, তারপর ডুমুরজলায় যোগদান মেলায় যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহ্’র। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মাঠে গত শনিবারের সেই সভা স্থগিত হয়ে গিয়েছে। তবে ফোনে শনিবারই বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরকে জানিয়েছিলেন যে, বাঁধা মঞ্চ না খুলতে। খুব শিগগিরই তিনি আসছেন। আর ওই মঞ্চেই সভা করবেন তিনি।

প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি। আর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় ভার্চুয়াল বার্তা দেন অমিত শাহ্। সেখান থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেন তিনি।

RELATED Articles