বাংলার ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন চলতি বছরের মার্চ-এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। রাজ্যে এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইঙ্গিত দিয়েছিল এপ্রিলের মধ্যেই রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চায় তাঁরা। তবে সাধারণত মে’র তৃতীয় সপ্তাহেই ভোট-পর্ব মেটে। সেই মতো বুধবার তৃণমূল সুপ্রিমোও দলীয় কর্মীদের কাজে নেমে পড়তে নির্দেশ দেন।
আলিপুরদুয়ারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন আর এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, শিয়রে নির্বাচন। ফেব্রুয়ারি মাসের প্রথমেই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। এবার একধাপ এগিয়ে মমতা বলেন, ‘নির্বাচনের তারিখ সাত-আটদিনের মধ্যে ঘোষণা হয়ে যেতে পারে। তাই হাতে আর আমাদের বেশি সময় নেই।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা আমাদের দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি। অল্প যেটুকু বাকি আছে, তা নির্বাচনের পরে করে দেওয়া হবে। তাই হাতে আর বেশি সময় নেই। আগামী পাঁচদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে।’
বাংলায় নির্বাচনের উত্তাপের মাঝেই বুথের হাল-হকিকত খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এবার ৩০ শতাংশ অর্থাৎ ২২,৮৮৭টি বুথ বাড়তে চলেছে রাজ্যে। ফলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ১০১,৭৯০টি। এছাড়াও বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের কথা ভেবে এবার ২,৯৫০টি চিহ্নিত বুথ উপরতলা থেকে নিচে নামিয়ে আনা হচ্ছে। রাজ্যের সমস্ত বুথ নিচ তলায় থাকবে।
অন্যদিকে সূত্রের খবর, এই বুথ প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে, বুধবার জেলাশাসকদের কাছ থেকে তার খতিয়ান নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত বুথ প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জেলাশাসকদের জমা দিতে বলা হয়েছে।






