ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা বিক্রির কথা দেশ নন্দিত। একজন চা-ওয়ালা যদি দেশের গদি সামলাতে পারেন, তাহলে একজন ট্যাক্সি ওয়ালা কেনও রাজ্য সামলাতে পারবে না!
আর তাই ২১শের হাইভোল্টেজ নির্বাচনে বিজেপির হয়ে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কলকাতার একজন ট্যাক্সিচালক। নাম উত্তম মালি। পেশায় একজন হলুদ ট্যাক্সিচালক। বাড়ি কলকাতার জোড়াসাঁকো এলাকায়।
শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, অমিত শাহ্ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে পর্যন্ত চিঠি দিয়েছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে গিয়ে পথে নানান অভিজ্ঞতার সম্মুখীন হন উত্তম মালি। শুধুমাত্র ট্যাক্সিচালকদের বিভিন্ন হেনস্তার মুখে পড়তে হচ্ছে হামেশাই তা নয়। উত্তমবাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন আজ চরম অবহেলিত। অত্যাচারিত। হাতে কাজ নেই। পেটে ভাত নেই। দুর্নীতি, স্বজনপোষণ থেকে অনুন্নয়ন, বেকারত্ব । বাংলা আজ ক্রমশ গোটা ভারতের মানচিত্রে আরও পিছনের সারিতে চলে যাচ্ছে, মনে করেন তিনি৷ তাই রাজ্য বদলের ভাবনা নিয়েই তাঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ। তাঁর ইচ্ছে মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়ন ঘটানো।
চোখে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পেশায় ট্যাক্সিচালক উত্তম বলেন, ‘ভালবাসার শহর কলকাতা তথা গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই আমাকে বিধায়ক পদপ্রার্থী করার আবেদন করেছি। তবে আমি জানিনা শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব আমার এই আবেদন মঞ্জুর করবে কিনা। দল প্রার্থী করুক বা না করুক। জীবনের শেষ দিন পর্যন্ত আমি মানুষের সেবায় ব্রতী থাকব। একজন চাওয়ালা হয়ে যদি মোদীজি গোটা দেশের উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন তাহলে আমি কেন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়নের নেতৃত্ব দিতে পারব না? প্রশ্ন এই শহরের ট্যাক্সিচালক উত্তম মালির।
তবে তাঁর এই আবেদন প্রধানমন্ত্রী আদৌ রাখবেন কিনা তা সময় বলবে।






