পাকিস্তান-চীনকে পরাস্ত করতে, প্রতিপক্ষের আধুনিক যুদ্ধবিমান বধে এবার ‘অস্ত্র’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করার পথে ভারত l
সূত্রের খবর, চীন ও পাকিস্তানের বিমানবাহিনীকে একযোগে টক্কর দিতে ‘অস্ত্র’ মিসাইলকেই হাতিয়ার করতে চলেছে নরেন্দ্র মোদীর দেশ।
২০২১ সালেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটির ট্রায়াল শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। মূলত, রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান, ও দেশে তৈরি তেজস ফাইটার জেটগুলিতে ব্যবহার করা হবে এই অত্যাধুনিক মিসাইল।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে, রাশিয়া, ফ্রান্স ও ইজরায়েলের তৈরি অত্যন্ত দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। সেই হাতিয়ারগুলির জায়গাতেই আসবে ‘অস্ত্র’। জানা গিয়েছে, শব্দের চারগুণ গতিসম্পন্ন এই মিসাইলটি মাঝ আকাশে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত শত্রুর যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম।
অর্থাৎ, দৃষ্টিশক্তির বাইরে গিয়েও হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। শুধু তাই নয়, দিনে ও রাতে এবং যে কোনও সময় যে কোনও আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম ভারতের এই মিসাইল। ট্রায়াল শেষ হলেই বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে অস্ত্রটিকে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে যুদ্ধবিমানের অভাবে ভুগছে ভারতীয় বায়ুসেনা। যেখানে ৪০টি ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন, সেখানে হাতে রয়েছে মাত্র ৩০টি ফাইটার স্কোয়াড্রন। এই ঘাটতি পূরণেই ৮৩টি তেজস আসছে বিমান বাহিনীতে। এবং ওই বিমানগুলিতে থাকবে ‘অস্ত্র’ মিসাইল।





