সরস্বতী পুজোয় জুটিদের হুঁশিয়ারি শানিয়ে পোস্টার বজরং দলের, একসঙ্গে দেখলেই কঠোর ব্যবস্থা

আজ সরস্বতী পুজো। এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইনস ডেও বলা যায়। এদিন স্কুল-কলেজ পড়ুয়াদের একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু মন দেওয়া-নেওয়ার দিন। শুধু স্কুল-কলেজ কেন, এই গণ্ডি পার করে যাওয়া জুটিরাও আজকের দিনে প্রেমে ভেসে থাকে। আর আজকের এ দিনেই প্রেমীযুগলদের হুঁশিয়ারি শানিয়ে পোস্টার পড়ল উত্তরপাড়ায়। বজরং দলের নাম করে উত্তরপাড়ার জি টি রোডের নানান এলাকায় ও বেশ কয়েকটি ঘাটে এই হুঁশিয়ারি পোস্টার লাগানো হয়েছে যার জেরে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রীতিমতো ভয়ে সন্ত্রস্ত। তবে আসলে একে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও জানা যায়নি।

নানান ঘাটে এই ধরণের পোস্টারে ছেয়ে গিয়েছে বলে জানা যায়। এদিন উত্তরপাড়ার দোলতলার ঘাটে ঘুরতে আসা অল্প বয়সী ছেলেমেয়েরা এই পোস্টার দেখে ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায়। পোস্টারের বিষয়বস্তু ছিল এরকম, “বাঙালির সরস্বতী পুজোর এই পুণ্য দিনটিকে এবমগ আমাদের সংস্কৃতিকে পাশ্চাত্য সংস্কৃতি ব্যবহার করে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে’তে পরিণত করা হয়েছে”। এই পোস্টারে রীতিমতো হুঁশিয়ারি জারি করে লেখা যে আজ কোনও জুটিকে একসঙ্গে দেখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টারে এও লেখা ছিল যে “আমাদের সরকার যখন ক্ষমতায় আসবে, এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন আনা হবে”। পোস্টারের নীচে লেখা বজরং দল। এই বিষয়ে এক ছাত্রী বলেন যে এই ধরণের পোস্টার যুক্তিহীন। যদি এমনটা হয়, তাহলে তো ভবিষ্যতে ছেলেমেয়েরা একসঙ্গে স্কুল-কলেজে পড়াশোনা করতে পারবে না। এই ছাত্রের মতে, এটা তুঘলকি আচরণ। এরপর কি স্বামী-স্ত্রী একসঙ্গে বেরোলে তাদেরও এই একই প্রশ্নের মুখে পড়তে হবে।

তবে এই বিষয়ে বজরং দলের পক্ষ থেকে কিছু জানা যায়নি। এই বিষয়ে শ্রীরামপুরের বিজেপি সভাপতি শ্যামল বসু বলেন যে বজরং দল বিজেপির শাখা সংগঠন নয়। তাই তারা কী ব্লছে, তা তারাই বলতে পারবে। এই বিষয়ে থানায় কোনও অভিযোগ করা না হলেও পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে।

RELATED Articles