২৭শে মার্চ থেকে শুরু হতে চলেছে বাংলায় ভোটের লড়াই। হাড্ডাহাড্ডি এই যুদ্ধে গদি জিতে নেবে কে? বাংলায় প্রশ্ন এখন একটাই!
তবে আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারীই৷
গেরুয়া শিবির সূত্রে খবর , শুভেন্দুর নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া কার্যত নিশ্চিত৷ বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
আরও পড়ুন: তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ঠা মার্চ দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই রাজ্যে বিজেপি-র প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা৷ রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে ২৭ মার্চ৷ দ্বিতীয় দফার ভোট রয়েছে ১লা এপ্রিল৷ নন্দীগ্রামে ভোট পড়েছে ১লা এপ্রিল ৷
সূত্রের খবর, বিজেপি-র প্রথম দফার যে প্রার্থী তালিকা প্রকাশিত হবে, তাতেই নাম থাকবে শুভেন্দু অধিকারীর ৷
বঙ্গ বিধানসভা নির্বাচনে যারা প্রথম থেকে নজর রেখেছেন তাঁরা অনেকেই জানেন, শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে তৃণমূলের রাশ হাতে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সভা থেকে নিজেকে সেখানকার প্রার্থী হিসেবে ঘোষণা করে মাস্টার স্ট্রোক দেন মুখ্যমন্ত্রী। এর পর থেকেই শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জের সুরে বার বার তৃণমূল নেতারা প্রশ্ন করেছেন, ক্ষমতা থাকলে তিনিও যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী হন৷
নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে আসছেন, নন্দীগ্রামে অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবেন মুখ্যমন্ত্রীকে ৷
আরও পড়ুন: বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
তবে মুখে তিনি বারবারই বলেছেন দল যা ঠিক করবে তাই হবে। প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় নেতৃত্বের হাতেই ছেড়েছিলেন তিনি৷ তবে গত বুধবার উত্তর কলকাতায় সভা করতে এসে শুভেন্দু ইঙ্গিতপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন, ‘নন্দীগ্রাম থেকে আমি ওঁকে হারাব৷’ এর পরই শুভেন্দু’র নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বেড়েছিল৷ আর এবার জানা যাচ্ছে শুভেন্দু’র নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ায় এক প্রকার নিশ্চিত।






