বঙ্গে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। গতকাল হয়ে গিয়েছে দিনক্ষণ ঘোষণা। আগামী ২৭শে মার্চ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত চলবে ভোট যজ্ঞ। এবার রাজনৈতিক দলগুলিতে হই হই পড়েছে প্রার্থী বাছাই নিয়ে। ইতিমধ্যেই শোনা গিয়েছে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা একদম তৈরি।
আরও পড়ুন – বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
কী অবস্থা গেরুয়া শিবিরের?
বিজেপির সূত্রে জানা গিয়েছে, ১৩০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম তাদের চূড়ান্ত হয়ে গিয়েছে।সেই নামের তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছ দিল্লি সদর দপ্তরে। ভোটের ৮ দফার সঙ্গে মিল রেখে তারা ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে।
ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে যে একটি কেন্দ্র পিছু একাধিক প্রার্থীর নাম পাঠানো হয়েছে। একেকটি কেন্দ্রের জন্য কমপক্ষে চার থেকে পাঁচ জনের নাম গিয়েছে। তবে নাম চূড়ান্ত করবে দিল্লির সদর দপ্তর।
তাহলে বাকি ১৬৪ আসনের প্রার্থীর কী হবে?
বিজেপির অন্দরের খবর, পরের পর্যায়ে বাকি ১৬৪ কেন্দ্রের জন্য প্রার্থী বাছাই করা হবে। তবে এই ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করার পদ্ধতি বিজেপির ক্ষেত্রে নতুন কিছু নয়। দু’বছর আগে লোকসভা ভোটে একই কায়দায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। সেই নিয়ে তখন শাসক শিবির যথেষ্ট কটাক্ষ করেছিল।
আরও পড়ুন – মমতার বিরুদ্ধে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? জল্পনা শুরু হয়েছে একটি পোস্টারকে ঘিরে
তবে বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা একটি সর্বভারতীয় দল। তাই আগেভাগেই সমস্ত প্রার্থী তালিকা তারা বানিয়ে রাখতে পারেন না। কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বসে সর্বমতের নিরিখে চূড়ান্ত নামে সিলমোহর দেয়।






