একুশের নির্বাচনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়তো হবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। যেখান থেকে মমতার উত্থানে শুরু হয়েছিল সেখান থেকেই ফের একবার চমকপ্রদ লড়াই দেখা যাবে।
আজ পূর্বসূচি মেনে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী। হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দেন তিনি। আর তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর হুংকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবেই হোক হারাবেনই l
আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামে ভোট ১লা এপ্রিল। গত ১০ তারিখ সেখানে গিয়ে হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ অর্থাৎ শুক্রবার মনোনয়ন পেশ করবেন নন্দীগ্রামের বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও l
আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
বিশ্লেষকদের কথায়, একুশের ভোটে নন্দীগ্রামের আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। তৃণমূল একপ্রকার নিশ্চিত বিপুল ভোটে নন্দীগ্রামে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয় নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তিনি। শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে শামিল হন বিজেপি নেতা। মন্দিরে পুজো দিয়ে, যজ্ঞ করে হলদিয়ায় জনসভা করেন নন্দীগ্রামের গেরুয়া শিবিরের প্রার্থী। এরপরই হলদিয়া এসডিও অফিসে যান তিনি। সেখানে মনোনয়নপত্র পেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের প্রচুর কর্মী-সমর্থক। প্রার্থীর মতোই নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে আশাবাদী তাঁরা। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মনোনয়নের প্রস্তাবক নন্দীগ্রাম আন্দোলনের শহিদের স্ত্রী।
শুক্রবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ”ওঁর জয় কোনওভাবে সম্ভব নয়। শুভেন্দুর জামানত বাজেয়াপ্ত হবে।” পাশাপাশি এদিন বিজেপি নেতার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। দাবি করেন, শুভেন্দু অধিকারী যা করছেন, তা সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়।





