শুরু হয়ে গিয়েছে ভোটের লড়াই। গতকাল শনিবার হয়ে গিয়েছে প্রথম দফার ভোট। এখনও সাতদফার ভোট বাকী। এরই আগে জোরকদমে প্রচার চালাচ্ছে নানান রাজনৈতিক দলগুলি। শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে নেমেছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। কিন্তু সেখানে গিয়ে মেজাজ হারালেন তিনি।
গতকাল, শনিবার সকালে উত্তর ২৪ পরগণা অশোকনগরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন নুসরত জাহান। প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করেই হুড খোলা গাড়িতে চড়ে প্রচার করছিলেন তিনি। পাশেই ছিলেন প্রার্থী নারায়ণ গোস্বামী।
প্রায় ১ ঘণ্টা ধরে র্যালি করেন তিনি। জানা গিয়েছে, এরপরও তাঁকে র্যালি চালিয়ে যেতে অনুরোধ করেন তৃণমূল প্রার্থী। তখনই বেঁকে বসেন তিনি। বলেন, তাঁর পক্ষে আর থাকা সম্ভব নয়। এও বলেন, “মুখ্যমন্ত্রীর জন্যও এতক্ষণ র্যালি করি না”। এই বলেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। এর জেরে ভোটের মধ্যেই বিতর্কে জড়ান নুসরত।
আরও পড়ুন- দোলের উৎসবের দিনই মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়, চড় মারলেন দলীয় কর্মীকে, ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য
উল্লেখ্য, বাংলার বিধানসভা ভোট হচ্ছে আট দফায়। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রায় মাস দুয়েক আগে থেকেই শুরু হয়েছে প্রচার। সবদলের তরফে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূলের তালিকায় নাম ছিল নুসরত, মিমি-সহ বহু তারকার। ভোটের মরশুমে প্রায় প্রতিদিনই দলের প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়েছেন তাঁরা। রোদ উপেক্ষা করে দীর্ঘক্ষণ প্রচার চালাচ্ছেন। এসবের মাঝেই প্রচারে বেরিয়ে ক্ষুব্ধ নুসরতের ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি Khabor 24×7।





