বর্তমানে ভোট প্রচারে বেশ ব্যস্ত তিনি। এবারের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গেরুয়া শিবিরে যোগ দিয়েই শাসকদল ও তৃণমূল সুপ্রিমোকে বেশ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি।
প্রার্থী হওয়ার পর নিজের মনোনয়ন পত্র জমা করেন অভিনেত্রী। মনোনয়ন পত্র জমা করার সময় প্রার্থীকে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ দেখাতে হয়। সেই অনুযায়ী নিজের হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেন অভিনেত্রী। জেনে নিন টলিউডের এই গ্ল্যামারস অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ কত।
এই মুহূর্তে শ্রাবন্তীর কাছে রয়েছে নগদ এক লক্ষ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে তাঁর দুটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ১০ লক্ষ ৬১ হাজার ৫৫১ টাকা ও অন্যটিতে রয়েছে ৫০ হাজার টাকা।
বিজেপি প্রার্থীর একটি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে রয়েছে সাত লক্ষ টাকা। এছাড়াও, অভিনেত্রীর ১০ লক্ষ টাকার একটি জীবনবিমা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিনিয়োগ মোট ১ কোটি ২৮ লক্ষ ১১ হজার ৫৫১ টাকা।
আরও পড়ুন- মিঠাইকে ছেড়ে কার সঙ্গে প্রেম করছেন সিড, জেনে নিন বিস্তারিত
এসব ছাড়াও শ্রাবন্তীর কাছে রয়েছে দুটি গাড়ি। একটি অডি কিউ ৭ ও অন্যটি মারুতি ব্যালেনো। গয়নার মধ্যে রয়েছে সোনা, হীরে, প্ল্যাটিনাম। এর বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা। এছাড়াও কৃষিজমিও কিনেছেন অভিনেত্রী। দক্ষিণ ২৪ পরগণা জেলার লেদার কমপ্লেক্সে ৬ বিঘা ১০ কাঠার একটি চাষ জমি রয়েছে শ্রাবন্তীর। এই জমির বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।






