রেখা বলতে যে কথাটি প্রথমেই মাথায় আসে, তা হল সত্তর-আশি দশকের সেই অভিনেত্রী যার সৌন্দর্য তাক লাগিয়েছে সকল দর্শককে। তাঁর সেই চোখের চাহনি, অভিব্যক্তি ও অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করে এসেছে সকলকে। এখনও তিনি যেন সেই আগের মতোই রয়ে গিয়েছেন। চিরসবুজ রেখা।
কিছুদিন আগেই সোনি টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। তাঁর উপস্থিতি যেন আরও প্রাণোজ্জ্বল করে তোলে এই শো-কে। মঞ্চে তিনি প্রবেশ করেন প্রদীপ হাতে, যা দেখে আপ্লুত হন বিচারক মণ্ডলী থেকে শুরু করে নানান প্রতিযোগীরা। এদিন রেখার ছবিরই নানান গান শোনান প্রতিযোগীরা।
আরও পড়ুন- এক ঢাল লম্বা চুলের রহস্য কী? জানালেন সৌমিতৃষা ওরফে মিঠাই
শুধু তাই-ই নয়, প্রত্যেক প্রতিযোগীকে উৎসাহ জোগানো থেকে শুরু করে তাদের গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ, এসবের মাধ্যমে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতিয়ে দেন তিনি। বিচারক নেহা কক্করকে তাঁর নতুন বিয়ের জন্য উপহার দেন একটি কাঞ্জিভরম শাড়ি।
তবে আসল চমক তো আসে তখন, যখন রেখার গলায় ওঠে সুর। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নিজের ছবি ‘দিল হি তো হ্যায়’-এর ‘নিগাহে মিলানে কো জি চাহতা হ্যায়’ গানটি করেন তিনি। তাঁর গলায় গান শুনে রীতিমতো অবাক হয়ে যান বিচারক-সহ প্রতিযোগীরাও। তাঁর মিষ্টি গলার গান কোনও পেশাদারী শিল্পীর চেয়ে কম কিছু নয়।
আরও পড়ুন- লড়াকু মেয়ের পাশে বাবা, ক্যানসারে আক্রান্ত মেয়েকে সাহস জোগাতে চুল কেটে ফেললেন ঐন্দ্রিলার বাবা
তাঁর এই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সকলে খুব পছন্দ করেছেন রেখার এই গান। ভালো অভিনেত্রীর সঙ্গে সঙ্গে তিনি যে এত সুন্দর গানও করেন, তা সত্যিই প্রশংসনীয়।






