‘ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হলেন, রাজ্যে এর আগে এমন হয়নি’, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এরপরই তাঁর প্রধান বিরোধী শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে। নানান বাক্যবাণে শানান বিজেপি নেতা।

তাঁর কথায়, “ভোটে হেরে মুখ্যমন্ত্রী হলেন। এর আগে এই রাজ্যে এমন হয়নি। ২১৩ জন বিধায়কের মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেল না মুখ্যমন্ত্রী হিসাবে। এই জন্য তো বলেছিলাম লিমিটেড কোম্পানি”।

আরও পড়ুন- মমতার ছবিতে কালো কালি, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তৃণমূল অফিসের সামনে বিজেপির ছাত্র পরিষদ

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী, একসময় সহযোদ্ধাই ছিলেন। কিন্তু দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গত বছর ডিসেম্বর মাসে তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর বিজেপির তরফে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান তিনি। নন্দীগ্রামে এবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোটে দাঁড়িয়েছিলেন। সেয়ানে-সেয়ানে টক্কর চলে সেখানে। ২রা মে প্রথমে বেলা চারটে নাগাদ জানা যায় যে শুভেন্দুকে ১২০১ ভোটে হারিয়ে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রায় দু’ঘণ্টা পর ফের ঘোষণা করা হয় যে মমতা নন, বরং ১৬২২ ভোটে এগিয়ে শুভেন্দু জিতেছেন নন্দীগ্রাম থেকে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নন্দীগ্রামে ক্ষোভ বাড়তে থাকে।

এরপরই পুনর্গণনার দাবী ওঠে। রিটার্নিং অফিসারের কাছে যায় তৃণমূল নেতৃত্ব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফোনে আসা একটি এসএমএস দেখান। এতে দেখা যায়, রিটার্নিং অফিসার তাঁর ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন যে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। তাই তিনি পুনগর্ণনা করতে পারেননি।

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, নন্দীগ্রামের ফল নিয়ে তিনি হাইকোর্টে যাবেন। গণনার দিন নির্বাচন কমিশনের সার্ভার ডাউন থাকার বিষয়টিও ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন তিনি। রিটার্নিং অফিসারের ওপর চাপ ও ইসি সার্ভার ডাউনের বিষয়টি তিনি হাইকোর্টে জানাবেন বলে জানিয়েছেন।

তবে মঙ্গলবার কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, নন্দীগ্রামে পুনর্গণনার কোনও প্রশ্ন নেই। এসবের মাঝেই আজ, বুধবার রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা। দায়িত্ব নেওয়া পর তিনি বলেন, “অনেক মানুষ আছেন, যাঁরা বাংলার নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন, তাঁদের প্রত্যেককেই আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রথম কাজ কোভিডকে নিয়ন্ত্রণ করা”।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় অগ্রাধিকার, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, তৃতীয়বার শপথগ্রহণে মমতার অঙ্গীকার 

তবে আত্মবিশ্বাস হারাননি প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে আসা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমাদের লড়াই চলবে। যেভাবে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তা ভাবা যায় না। সব বিরোধী দল শপথ গ্ৰহণ অনুষ্ঠান বয়কট করেছে। সবাইকে ধন্যবাদ জানাই”।

RELATED Articles