প্রতিদিনই চলছে রকেট হানা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক নির্মাণ, নাগাড়ে মৃত্যু। রক্তপাতের দৃশ্যে শিউরে উঠছে গোটা বিশ্ব। চিন্তিত রাষ্ট্রপুঞ্জ।
দুই দেশের মধ্যকার সংঘর্ষ থামানোর চেষ্টায় প্রথম সারির দেশের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু তাদের কারোর কথা শুনতে রাজি নয় ইজরায়েল-প্যালেস্তাইন। ইজরায়েলের এয়ার স্ট্রাইকে গুড়িয়ে গিয়েছে গাজায় হামাস প্রধানের আস্তানা। অন্তত চারজন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। জবাবে তেল আভিভ শহরকে লক্ষ্য করে পাল্টা রকেট হানা চালায় হামাস গোষ্ঠীও।
সাইরেনের সংকেত পেতেই বাঙ্কারে লুকোতে ছুটেছিলেন তেল আভিভ শহরের বাসিন্দারা। প্রাণ ভয়ে দৌড়ে বাঙ্কারে আশ্রয় নেওয়ার সময় তাঁদের উপর আছড়ে পড়ে রকেট। সূত্রের খবর, হামাসের হামলায় জখম হয়েছেন ১০ জন। উল্লেখ্য, গত ১ সপ্তাহের সংঘর্ষে গাজায় প্রাণ গিয়েছে ১৪৯ জন প্যালেস্তিনীয়র।
এত প্রাণের বিনিময়েও এখনই থামবে না ইজরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইজরায়েল প্রধান। তাঁর বক্তব্য “আমরা হামলা শুরু করিনি। যাঁরা এই অশান্তি শুরু করেছে দোষী তাঁরা। আমরা অপারেশনের মাঝে আছি। এটা এখনও শেষ হয়নি। যতদিন দরকার এই অশান্তি চলবে। শেষ দেখে ছাড়ব।”





