এবার বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ২১৩ আসনে জিতেছে ঘাসফুল শিবির। কিন্তু এরপরেই দলীয় নেতাদের কাজকর্ম নিয়ে তদন্ত করতে বসেছে শীর্ষ নেতৃত্ব।
আর সেই তদন্তের ফলেই এবার দক্ষিণ দমদমে ঘটে গেল অভূতপূর্ব ঘটনা। পুরমন্ডলীর প্রশাসক প্রবীর পালকে সোজা রাস্তা দেখিয়ে দিল তৃণমূল শিবির। শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এলাকার অন্যতম দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
কিন্তু প্রবীর পালকে কেন সরাল তৃণমূল?
এই বছরের ভোটে দক্ষিণ দমদম এলাকার দুটি ওয়ার্ডের দায়িত্ব ছিল প্রবীর বাবুর কাঁধে। ফল প্রকাশের পর জানা যায়, দুই ওয়ার্ডেই লিড কমেছে তৃণমূলের। একটিতে ৫০০ ভোট এবং অন্যটিতে ৩০০ ভোট কমেছে তৃণমূল।
তখনই জানা যায় তিনি নির্বাচনের আগে কোনো কাজই করেননি। এছাড়াও অভিযোগ ওঠে যে ভিতরে ভিতরে প্রবীর পাল বিজেপি’কে ইচ্ছাকৃতভাবে ভোটে সাহায্য করেছেন। এরপর জয়ী বিধায়ক ব্রাত্য বসু তাকে দেখা করতে বললেও তিনি তা করেননি। তখন তাকে শোকজ করা হয়।
আর সেই শোকজের উত্তর তিনি কোনওরকমভাবে দেন। আর তাতেই ক্ষেপে লাল তৃণমূল শিবির। এরপরেই সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পরামর্শে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





