যশের মধ্যে আরও এক বিপদ, কলকাতায় টর্নেডো ১২টা পর্যন্ত, বাড়িতে থাকার পরামর্শ সকলকে

যশের মধ্যেই বাড়ল বিপদ। আজ দুপুর ১২টার মধ্যে কলকাতায় হতে পারে টর্নেডো, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই সময় কলকাতার মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গতকাল, মঙ্গলবার দুপুরে আচমকাই ঝড় শুরু হয় ব্যান্ডেলে। এই টর্নেডোর প্রভাব পড়ে লাগোয়া নৈহাটি এবং হালিশহরেও। ঝড়ের জেরে হুগলি-চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ ব্যান্ডেল চার্চ সংলগ্ন খেলনার দোকান উড়ে গিয়ে পড়ে রসভরা খালে। গাছ পড়ে যায় অনেক জায়গাতেই। ঝড়ের চোটে একাধিক বাড়ির চালও ভেঙে পড়ে। কয়েকটি বাড়ির টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে।

আরও পড়ুন- ‘যশ’-এর জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, ফুঁসছে সমুদ্র, জারি লাল সতর্কতা

এদিকে, সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়েছে যশ। ঝররে গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। যশের প্রভাবে লণ্ডভণ্ড দিঘা। ক্রমশ বাড়ছে জলোচ্ছ্বাস। একতলা বাড়িতেও জল ঢুকেছে। পূর্ব মেদিনিপুরে ৮টি NDRF দল পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উপকূলবর্তী এলাকায় গ্রামগুলিতে জল ঢুকছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত। ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ৩.৮ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১৫ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে”।

ঝড়ের জেরে দিঘায় তুমুল জলোচ্ছ্বাস। কুলতলি, পাখিরালায়, সুন্দরবন, ফ্রেজারগঞ্জে বাঁধ ভেঙেছে বলে খবর। মুখ্যমন্ত্রী আরও জানান, “উপকূলবর্তী এলাকায় ১৩০ কিমি বেগে ঝড় হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানে ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝড় হবে। ল্যান্ডফলের প্রক্রিয়া ৩-৪ ঘণ্টা ধরে চলবে”।

RELATED Articles