সরলা মুর্মু, অমল আচার্যের পর এবার এই প্রাক্তন মন্ত্রী। বিজেপিতে যোগ দেওয়া এই প্রাক্তন মন্ত্রী ফের তৃণমূলের আবার ফিরতে চান বলে খবর। এই নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। তবে এই বিষয়ে জেলা নেতৃত্বের মত যে এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বই নেবে। এই কারণে বেশ বিপাকে সেই প্রাক্তন মন্ত্রী।
ভোটের আগে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। কিন্তু তাঁর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির তরফেও তাঁকে সেভাবে কাজে লাগানো হয় না।
এই কারণে বিজেপিতে যোগ দেওয়ার তাঁর মোহভঙ্গ হলেই কিছুদিনের মধ্যেই তিনি আবার তৃণমূলে ফেরত আসার জন্য আবেদন জানান। কিন্তু সেই সময় জেলা ও রাজ্য নেতৃত্ব তাঁকে ফেরাতে রাজী হয় না।
আরও পড়ুন- যশের মধ্যে আরও এক বিপদ, কলকাতায় টর্নেডো ১২টা পর্যন্ত, বাড়িতে থাকার পরামর্শ সকলকে
এরপর নিজের পুরনো পেশা স্কুল মাস্টারিতেই ফিরে যান বাচ্চু। তবে এবার ভোটের ফল প্রকাশের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল আবার ক্ষমতায় ফিরতেই বাচ্চুও ফেরার জন্য আর্জি জানাতে শুরু করেছেন।
বাচ্চুর দাবী, নির্বাচনের সময় ‘গোপনে’ তিনি তৃণমূলের হয়েই কাজ করেছেন। তিনি বলেন, “আমায় তখন দলে নিলে সক্রিয়ভাবে প্রচার করতে পারতাম। তপন, গঙ্গারামপুর ও বালুরঘাট আসনটি তাহলে জিতিয়ে দিতে পারতাম। গোপনে যেটুকু সাহায্য করেছি। তাতেই অনেক ভাল ফল হয়েছে। এখন যদি দল আমায় ফিরিয়ে নেয় তা হলে পুরোদমে কাজ করতে পারব”।
তবে তৃণমূল কর্মীদের দাবী, বাচ্চুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এই কারণেই গত লোকসভায় তাঁর বিধানসভাতে দল ২৩ হাজার ভোটে পিছিয়ে ছিল। এই কারণেই ওই লোকসভা আসনটিতে হেরে যায় তৃণমূল।
তবে, এবারের ভোটে বাচ্চুর বদলে ওই জায়গায় কল্পনা কিস্কুকে ভোটে দাঁড় করানোর কারণে তিনি মাত্র ৪২০০ ভোটের ব্যবধানে হেরেছেন। এর থেকেই পরিস্কার যে বাচ্চুকে এই অঞ্চলের মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তাই তাঁকে ফের দলে নেওয়া হলে যে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেবে, তা বেশ স্পষ্ট।





