রাজ্যের ফের বেড়েছে লকডাউন। রাজ্যে করোনার সংক্রমণ রুখতে গত ১৪ই মে থেকে রাজ্যে জারি করা হয় লকডাউন। প্রথমে ১৫ দিনের জন্য হলেও ফের এই লকডাউনকে ১৬ ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই করোনা পরিস্থিতিতে মানুষের তথা শিশুদের প্রয়োজন রোগ প্রতিরোধ করার ক্ষমতা।
এই রোগ প্রতিরোধের ক্ষমতা আসে নানান ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার থেকে। নানারকমের শাকসবজি, ফল, দুধ থেকে মেলে এই ভিটামিন। কিন্তু দারিদ্রসীমার নীচে শিশুদের ফল, দুধ তো দূর হস্ত, দু’বেলার খাবারও ঠিকমতো জোটে কি না সন্দেহ।
এবার এই দরিদ্র শিশুদের জন্য এক অভাবনীয় উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এই দরিদ্র শিশুদের দুধ খাওয়ানোর আয়োজন করা হল। সম্প্রতি, একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে।
এই ভিডিওতে দেখা গিয়েছে, মাঝেরহাট রেলওয়ে স্টেশনের উল্টোদিকের মধু বস্তির দরিদ্র শিশুদের দুধের গ্লাস দিচ্ছেন পুলিশকর্তারা। জানা গিয়েছে, কলকাতার দক্ষিণ-পশ্চিম ট্র্যাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট বস্তির শিশুদের দুধ সরবরাহ করলেন নানান পুলিশ।
কলকাতা পুলিশের এই উদ্যোগের নাম, ‘উই কেয়ার উই ডেয়ার’। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরই তুখড় ভাইরাল হয়েছে। সকলেই কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।






