সঙ্গ দিতে পারলে দিন, নয়তো গাড়ির পিছনে যে ছবিটা আছে সেটা আবার সামনে নিয়ে আসুন, রাজীবকে ব্যাপক কটাক্ষ সৌমিত্র’র

বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে হাত ধরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আস্থাভাজন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরই বিপুল ভোট বিপর্যয়। বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমে‌ও জিতে ফিরতে পারেননি তিনি। তবে কি এবার তাঁর মুখ তৃণমূলের দিকে? এই গুঞ্জন সবদিকে।

ক‌ইয়ের ঝাঁকের মতো বিজেপিতে যাওয়া তৃণমূলীরা যে ঘরে ফিরতে চাইছে তা তৃণমূল শিবিরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল।

আর এবার সেই জল্পনাই উস্কে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সকালে তিনি টুইটারে ছবি পোস্ট করে লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনায় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লী আর ৩৬৫ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।”

সেই সঙ্গে রাজীব বাবুর আরও সংযোজন, “আমাদের সকলের উচিৎ রাজনীতির উর্দ্ধে গিয়ে করোনা ও যশ এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

প্রাক্তন বনমন্ত্রীর এহেন টুইট আছড়ে পড়ার পর থেকেই রীতিমত ঝড় ব‌ইছে বঙ্গ রাজনীতিতে। এই টুইটের মধ্যে দিয়েই কি তৃণমূলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি?

ইতিমধ্যেই এই টুইটকে হাতিয়ার করে তাঁকে আক্রমণ করেছেন, বিজেপি নেতা সৌমিত্র খাঁ l

তৃণমূল ত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের টুইট রি-টুইট করে তিনি লেখেন, ‘৪২হাজার ভোটে হারার পর মনে পড়লো? বিজেপির ৪২জনের বেশি কর্মীরা মারা গেছে,তখন চুপ থাকা মানে শাষক দলকে সমর্থন করা। মোদী সরকার করোনার জন্য ফ্রি তে ভ্যাকসিক,অক্সিজেন ও সব রকম সাহায্য করছে। আর যশ ঘূর্নিঝড়ের জন্য মোদী জি নিজে এসেছেন।৪০০কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে।”

এর পর ফের আরও একটি টুইট করে রাজীবকে নিশানা করেন, সৌমিত্র! সেখানে লেখেন, “আরও যা যা ক্ষতি হয়েছে তা কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। আমরা বিরোধী দল আমরা সরকারের গঠন মূলক কাজে সাহায্য করবো।ভুল হলে পথে নামবো৷ আপনি নীরব না থেকে বিজেপির কর্মীদের পাশে থাকলে ভালো হয়। না হলে গাড়ির পিছনে যে ছবিটা আছে সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন।”

এমনিতেই বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপকহারে পিছনে তৃণমূলীদের বিজেপিতে নেওয়াকে বড় কারণ হিসেবে ধরা হয়েছে। সেখানেই এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের এহেন টুইটে যে বেশ কড়া মনোভাব দেখাবে রাজ্য বিজেপি নেতৃত্ব, তা সৌমিত্র’র টুইট থেকেই স্পষ্ট।

RELATED Articles