আরও একবার তিনি গর্বিত করলেন ভারতীয় ফুটবলকে। ফের একবার ছাড়িয়ে গেলেন বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসিকে। তাজ্জব লাগছে নাকি?
হ্যাঁ এমন বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন দেশীয় ফুটবলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে ১১৭টি ম্যাচে ৭৪টি গোল তাঁর। সুনীলের এই কৃতিত্বের কথা জানিয়ে টুইট করেছে ফিফা।
গতকাল পড়শী দেশ বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রধান প্রফুল পটেলের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছায় সুনীলের কাছে।
তবে এইসবকে বিশেষ আমল দিতে নারাজ ভারতীয় ফুটবল অধিনায়ক। গতকাল দোহায় বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জেতে ভারত।
উল্লেখ্য, বিশ্বকাপ যোগ্যতা নির্ণয় পর্বে প্রায় ২০ বছর পরে বিদেশের মাটিতে জিতল ভারতীয় দল।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল ভারতীয় ফুটবলাররা। কিন্তু গোটা ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও বল পজিশন নিজেদের দখলে রেখেও কিছুতেই গোল করতে পারছিল না ভারত। কিন্তু ত্রাতা হন সুনীল। ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে ভারত অধিনায়কের জোড়া গোলে দুরন্ত জয় তুলে নেয় ভারতীয় দল।





