গতকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হয়েছে কোয়াকুইরেলি সাইমন্ডস(QS) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিংস ২০২২-এর ফলাফল। আর সেখানেই দেখা গেছে, বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করতে পেরেছে ভারতবর্ষের মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলি হল যথাক্রমে আইআইটি বম্বে, আইআইটি দিল্লি এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস।
বিগত পাঁচ বছরে ভারতবর্ষের এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে তালিকায়। সেখানে সংযোজিত হতে পারিনি অন্য কোনও নাম।
সেই সঙ্গেই প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা। সেখানে জায়গা পেয়েছে ভারতের মোট ২২টি বিশ্ববিদ্যালয়। গত বছর এই তালিকায় মোট ২১ টি বিশ্ববিদ্যালয় ছিল। তার আগের বছর ছিল ২০টি। আর এই ২২টি জায়গার মধ্যে ঢুকে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বে ৮০১ তম স্থান ধরে রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
সেইসঙ্গে বিশ্বে গবেষণার জন্য সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস। গবেষণা করার পরিকাঠামোর বিচারে সমস্ত স্কোরে ১০০-এ ১০০ পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরু।
দেশের সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে এখনও এক নম্বরে আইআইটি বম্বে।মূলত, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, ছাত্র-শিক্ষক অনুপাত, পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা করে নম্বর দেওয়া হয়ে। এবার তার গড় হিসাব করা হয়। এর মাধ্যমেই ক্রমপর্যায় করা হয় বিশ্ববিদ্যালয়গুলির।





