শুক্রবার সন্ধ্যে। ঘড়িতে সময় জানান দিচ্ছে ৭টা। মন্নতে পৌঁছন প্রশান্ত কিশোর। শাহরুখ খানের সঙ্গে গোপন বৈঠক সারেন তিনি। কিন্তু কী এই বৈঠকের বিষয়? কেন এই সাক্ষাৎ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক থেকে চলচ্চিত্র জগতে।
গত ২রা মে ভোটের ফলাফল প্রকাশের পর প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, তিনি রাজনীতির ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোটকুশলীর কাজ তিনি আর করবেন না। তাঁর পরবর্তী জীবন ও পেশা নিয়ে তাঁর নানান পরিকল্পনা রয়েছে বলেও জানান পিকে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি।
এরই মধ্যে শাহরুখের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে তৈরি হচ্ছে নানান জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, পিকে-কে ডাকা হয়েছিল শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলি’জ’-এর পক্ষ থেকে। শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোরের জীবনকাহিনী নিয়ে ওয়েব সিরিজ করার কথা পরিকল্পনা করছেন শাহরুখ। সেই কারণেই এই সাক্ষাৎ বিনিময়। তবে প্রশান্ত কিশোর এই প্রস্তাবে রাজী হয়েছেন কী না, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
তবে কিং খানের সঙ্গে পিকের এই বৈঠক নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান চর্চা। এই বৈঠক যে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত, এমনটাও বলতে শুরু করেছেন অনেকেই।






