সারারাত ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গে, জল জমে কলকাতার রাস্তায়, এখনই থামছে না বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতর

সারারাত ধরে টানা বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর উপর সকাল ৭টা পর্যন্ত ছিল জোয়ার। একদিকে বৃষ্টি, অন্যদিকে জোয়ার, এই দুয়ের মিলনে কলকাতার বিস্তীর্ণ এলাকা জল থইথই। এলাকা। জল জমেছে আমহার্ষ্ট স্ট্রীট- সহ এজেসি বোস রোড, পার্ক স্ট্রীট, থিয়েটার রোড, এদিকে বেহালা, সদার্ন অ্যাভিনিউতেও। জল নামতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কলকাতা পুরনিগম।

গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, বুধবার রাত ১০টা থেকে আজ, বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত নানান জায়গায় গড়ে ১৫০-১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর উপর সকাল সাতটা পর্যন্ত ছিল জোয়ার। ফলে লকগেট বন্ধ ছিল। এর জেরে কলকাতার নানান জায়গায় জল জমেছে। জল থইথই দক্ষিণ কলকাতার একাধিক এলাকা। সকালে রাস্তায় বেরিয়ে জলযন্ত্রণার মুখে পড়েন শহরবাসী। জলবন্দি বেহালা-সহ অনেক জায়গায়। এমনকি, অনেকের বাড়িতেও জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- শুরু হওয়ার প্রথমদিনই বন্ধ শুটিং, ‘ভাতের থালায় লাথি মারছে’ স্বরূপ বিশ্বাসের প্রতি ক্ষোভ কলাকুশলীদের

কখন নামবে জল?

কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে যে জল নামতে কিছুটা সময় লাগবে। সকাল সাতটার পর লকগেট খুলে দেওয়া হয়েছে। নানান এলাকার পাম্পিং স্টেশনে জল নামানোর কাজও চলছে। দুপুর একটা পর্যন্ত খোলা লকগেট। ফলে জল এর মধ্যেই নেমে যাবে।

তবে দুপুর একটার পর যদি আবার ভারী বৃষ্টি হয়, তাহলে ফের জল জমবে। তবে পুর প্রশাসকমণ্ডলীর এক সদস্যের কথায় অন্যান্য শহরের মতো কলকাতায় জল জমে থাকবে না। নেমে যাবে।

তবে দুপুর একটার পরও যে বৃষ্টি হবে, তা জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু এবং নিম্নচাপের জোড়া ফলায় আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর জেরে ফের কলকাতা জলমগ্ন হওয়ার আশঙ্কা।

RELATED Articles