উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবীতে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপি সাংসদ জন বারলা। এই নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার জানিয়ে দিয়েছেন যে এমন কোনও সিদ্ধান্ত কার্যকর করা হবে না। এবার ফের বঙ্গভঙ্গের দাবী তুললেন বিজেপির অন্য এক সাংসদ সৌমিত্র খাঁ। এবার রাঢ়বঙ্গকে পৃথক রাজ্যে পরিণত করার দাবী তুললেন তিনি।
এ বিষয়ে তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রীর তোলা বহিরাগত দাবির রেশ টেনেই পৃথক রাজ্যের দাবি উঠবে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ৫০ কিলোমিটারের পরিধির মধ্যে ২৩ জন মন্ত্রী। উত্তরবঙ্গ বা অন্য জায়গার মন্ত্রী নেই। রাঢ়বঙ্গ থেকে মাত্র ১ জন মন্ত্রী। বাকি সবাই হাফপ্যান্ট মন্ত্রী। আমাদের এলাকার সাধারণ মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের কর্মসংস্থান নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্য সরকারের কোষাগারে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার মানুষ কিছু পাচ্ছে না। আগামী দিনে রাঢ়বঙ্গে এই দাবি উঠতে পারে”।
আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্বের জের, বৈঠকের মধ্যেই দলের নেতাদের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ, উদ্ধারে নিরাপত্তারক্ষী
“মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে আখ্যা দেন, সেভাবে রাঢ়বঙ্গের ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলবে। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ। বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্যের দাবী জানাব”।
প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যে পরিণত করার দাবী তুলে সরব হন জন বারলা। তবে বিজেপির তরফে জানানো হয় যে এই দাবী কোনও দলগত সিদ্ধান্ত নয়। তবে সৌমিত্র খাঁ-র এই মন্তব্যের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।






