বাংলাদেশের জনপ্রিয় লেখিকা হলেন তসলিমা নাসরিন, বিতর্ক যার পিছু ছাড়ে না। যেন মনে হয় বিতর্ক আর তসলিমা একে অপরের পরিপূরক। তাঁর গোটা জীবনই এক বিস্তর বিতর্কের চাদরে ঢাকা। ঠোঁটকাটা হিসেবেই তিনি পরিচিত।
সদ্যই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁকে নিয়ে নানান জায়গায় চলছে চর্চা। নানান চ্যানেলেই দিলীপ কুমারের নানান ছবি দেখানো হচ্ছে। দিলীপ কুমারকে সম্মান জানাতে তাঁর একটি ছবি যেটি তসলিমা এর আগে বহুবার দেখেছেন, সেটিই আবারও দেখলেন তিনি। একথা নিজেই সকলকে জানিয়েছেন লেখিকা।
লেখিকার কথায়, ‘দেবদাস’ ছবিটি দেখে তিনি আবার তাঁর ছোটবেলায় ফিরে গিয়েছিলেন। কিশোরী বয়সে দেবদাসই ছিল তাঁর কাছে প্রেম। সেই অনুভূতির কথা ভাগ করে তসলিমা।
আরও পড়ুন- ফাঁস হয়ে গেল মিমির জীবনের গোপন তথ্য, কী সেটা জানতে চান?
ফেসবুকে একটি পোস্টে তিনি লিখলেন, “দিলীপ কুমারের সম্মানে তাঁর একটি ছবি দেখার ইচ্ছে হলো, কোনটা দেখবো কোনটা দেখবো ভাবতে ভাবতেই স্থির করলাম দেবদাস দেখবো। দেখা- ছবিই আবার দেখবো, যেমন পড়া- বই আবার পড়তাম”।
নিজের কিশোরী বেলার স্মৃতি হাতড়ে লেখিকা আরও জানান, “দেবদাস শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমি চলে যাই আমার বারো তেরো বছর বয়সে। কতবার যে তখন দেবদাস পড়েছি, কতবার যে পড়তে পড়তে সারারাত পার করেছি, কতবার যে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার সংখ্যা আমার জানা নেই”।
তসলিমা জানান ছোটবেলায় প্রচণ্ড বই পড়ার নেশা ছিল তাঁর। তাঁর দাদা তাঁকে নানান বই উপহার দিতেন। তসলিমা লেখেন, “আমার দাদা প্রায়ই আমাকে বই উপহার দিত। শরৎ রচনাবলী, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, ছিন্নপত্র, শেষের কবিতা, চোখের বালি, নজরুলের সঞ্চিতা, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, বঙ্কিম রচনাবলী, শরদিন্দু অমনিবাস, পথের পাঁচালি– এসব আমি ইস্কুল জীবনেই পড়ে শেষ করেছি। ইস্কুলের লাইব্রেরির বইগুলোও গোগ্রাসে পড়েছি। তখন যে বই-ই পেতাম, পড়তাম। নীহাররঞ্জন গুপ্ত, ফাল্গুনি মুখোপাধ্যায়, দস্যু বনহুর — কিছুই ছাড়িনি”।
এরই সঙ্গে তসলিমা আরও লিখেছেন, “দেবদাস ছবিটি যারা দেখেছে, যারা বইটি পড়েনি, তাঁদের জন্য আমি গোপনে দীর্ঘশ্বাস ফেলি। কৈশোরে বা কৈশোরোত্তীর্ণ বয়সে যারা রাতে রাতে দেবদাস পড়ে কেঁদে বুক ভাসায়নি, তারা কী বুঝবে দেবদাসের! এখন না হয় দেবদাসকে মনে হয় “চিক ফ্লিক”। কিন্তু তখন”? তাঁর এই পোস্টের পরই নানান কমেন্টে ভরে ওঠে তাঁর কমেন্ট বক্স। অনেকে আবার ‘দেবদাস’ সম্পর্কে তাদের অনুভূতির কথাও জানান।






