দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। আজকের নবান্নের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বলেন যেরকম অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেই অনুযায়ীই তিনি সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে।
মমতার এই দিল্লি সফর রাজ্য তথা জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা এই সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক। নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাজ্যের আর্থিক দাবিদাওয়া ও করোনার টিকার প্রসঙ্গ তুলতে পারেন মমতা।
আরও পড়ুন- বছর গড়ালেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, এর আগেই বারাণসীকে ১৫৮৩ কোটির প্রকল্প উপহার মোদীর
একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বনাম প্রধানমন্ত্রীর লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। রাজ্যে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন স্বয়ং প্রধানমন্ত্রীই। অন্যদিকে, মমতা বরাবরের মতোই দলের সামনে থেকে দলের হয়ে লড়াই চালিয়েছেন।
শেষ হাসিটা উঠেছে মুখ্যমন্ত্রীর ঠোঁটেই। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি। এর ফলে জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব এক্লাফে অনেকটাই বেড়ে গিয়েছে।
আরও পড়ুন- লাগোয়া ভুটানে পেট্রোল ৭১ টাকা, তবুও অর্থনীতি ভাঙতে বসেছে জয়গাঁতে
বিজেপির সঙ্গে লড়াই জারি থাকলেও সাংবিধানিক ও প্রশাসনিক দায় মেনে কেন্দ্র সরকারের সঙ্গে সম্পর্ক কার্যকর রাখতে চান মমতা। এই কারণেই আগের দু’বারের মতোই এবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে নিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।






